তেহরানে ব্যাঙ্গাত্মক এক আয়োজনে ‘কারাবন্দি’ ট্রাম্প

তেহরানের তাজরিশ স্কয়ারে মুখে ট্রাম্পের মতো দেখতে মুখোশ নিয়ে খাঁচার ভেতর হাঁটছেন এক অভিনেতা। ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত একটি এলাকায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে তিনি আসল ট্রাম্প নন। মুখে ট্রাম্পের মতো দেখতে মুখোশ। আর পরনে স্যুট-টাই। এভাবেই একটি নকল কারাগারের ভেতর পায়চারি করছেন এক অভিনেতা।
ব্যতিক্রমী এ স্থাপনা বসানো হয়েছে তেহরানের তাজরিশ স্কয়ারে। এটি দেখতে অনেকটা বড় বিলবোর্ডের মতো। তবে এর সামনে তৈরি করা হয়েছে কারাগারের লোহার শিকের আদলে একটি ঘর।
সেই ‘কারাগারেই’ বন্দি ট্রাম্পের চরিত্রে অভিনয় করছেন ওই ব্যক্তি। পথচারীরা দাঁড়িয়ে তা দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার পুরো ঘটনা দেখছেন কৌতূহল নিয়ে।
স্থাপনাটিতে বড় করে লেখা হয়েছে, ‘এই দৃশ্য না দেখা অপরাধ।’
পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সমালোচনা করে বিভিন্ন বার্তাও রয়েছে।
২১ অক্টোবর ধারণ করা ভিডিওতে ট্রাম্পের মুখোশ পরা অভিনেতাকে কারাগারের ভেতরে পায়চারি করতে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পৌর কর্তৃপক্ষ এই প্রচারের পেছনে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।
তবে ট্রাম্পকে সত্যিকার অর্থে গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর কোনো ঘটনা ঘটেনি। পুরো বিষয়টিই প্রতীকী ও ব্যঙ্গাত্মক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে তীব্র উত্তেজনা চলছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তা সরাসরি যুদ্ধে রূপ নেয়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সংঘাতে বহু বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। বিমান চলাচল ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।
এরপর যুদ্ধ থামাতে একাধিকবার চেষ্টা হয়েছে। তবে স্থায়ী সমাধান আসেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধও রয়ে গেছে। এমন পরিস্থিতিতেই তেহরানের রাস্তায় এবার প্রতীকী ‘কারাগারে’ দেখা গেল ট্রাম্পকে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস




