ডিজিটাল যুগেও অবিচল কুয়েতের শতবর্ষী ’দিওয়ানিয়া’ ঐতিহ্য

আধুনিক গগনচুম্বী অট্টালিকা, জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা এবং প্রযুক্তির ছোঁয়ায় গড়ে ওঠা উন্নত নাগরিক সমাজের আড়ালে কুয়েতিরা পরম যত্নে আগলে রেখেছে তাদের হাজার বছরের শেকড়। কৃত্রিম ও যান্ত্রিক আধুনিকতার মোড়কে হারিয়ে না গিয়ে তারা তাদের ঐতিহ্যগত স্বকীয়তা, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধগুলোকে আধুনিক জীবনের সাথে একীভূত করে রেখেছে। কুয়েতিদের প্রতিদিনের ব্যস্ততার মাঝেও শেকড়ের টানে ফিরে যাওয়ার এবং শতবর্ষী রীতিনীতিগুলোকে জীবন্ত রাখার অন্যতম সুন্দর নিদর্শন হলো তাদের ঐতিহ্যবাহী সামাজিক ও পারিবারিক মজলিস, যা স্থানীয়ভাবে 'দিওয়ানিয়া' নামে পরিচিত।
সাধারণ অর্থে এটি প্রতিটি কুয়েতি বাড়ির একটি বিশেষ বসার ঘর বা আলাদা অংশ, যেখানে পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীরা নিয়মিত সমবেত হন। সপ্তদশ শতাব্দী থেকে চলে আসা এই ঐতিহ্য কেবল নিছক সময় কাটানোর জায়গা নয়, বরং এটি কুয়েতিদের সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ এবং অতুলনীয় আতিথেয়তার মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছে। এই মজলিসে আগত অতিথিদের চা, খেজুর আর ঐতিহ্যবাহী সুগন্ধি গাহওয়া (আরবীয় কফি) দিয়ে আপ্যায়ন করা হয়। একই সাথে এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা থেকে শুরু করে সমাজ ও পরিবারের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
কালক্রমে এই ঐতিহ্যের পরিধি ও সামাজিক কাঠামোতে এসেছে ইতিবাচক পরিবর্তন। একসময় এই দিওয়ানিয়া সংস্কৃতি সম্পূর্ণ পুরুষকেন্দ্রিক হলেও, সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক কুয়েতে এখন নারীরাও পিছিয়ে নেই। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান কুয়েতি সমাজে নারীরাও নিজেদের সামাজিক যোগাযোগ, আলোচনা এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য স্বাতন্ত্র্যসূচক দিওয়ানিয়া বা মজলিসের আয়োজন করছেন। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই রীতিনীতিগুলো আজও কুয়েতি সমাজকে এক সুতোয় বেঁধে রেখেছে, যা আধুনিকতার চরম উৎকর্ষের মাঝেও পূর্বপুরুষদের স্মৃতি ও ইতিহাস-ঐতিহ্যের প্রতি কুয়েতের জনগণের গভীর ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ।



