অবৈধ রেসিং
কুয়েতে ধ্বংস করা হচ্ছে বিএমডব্লিউ ও মার্সিডিজ

কুয়েত সিটি। ফাইল ছবি
কুয়েতের অন্যতম ব্যস্ত সড়ক অ্যারাবিয়ান গালফ স্ট্রিটে অবৈধ গাড়ি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিযোগে দুই চালককে গ্রেপ্তার করেছে দেশটির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে তাদের ব্যবহৃত বিএমডব্লিউ ও মার্সিডিজ ব্র্যান্ডের দুটি বিলাসবহুল গাড়ি স্থায়ীভাবে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়। জননিরাপত্তা বিঘ্নিত করা এবং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অ্যারাবিয়ান গালফ স্ট্রিটে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘটনা নজরে আসার পর নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় দ্রুতই প্রতিযোগিতায় ব্যবহৃত বিএমডব্লিউ ও মার্সিডিজ গাড়ি দুটি শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার করা হয় চালকদের।
জিজ্ঞাসাবাদের সময় প্রমাণ উপস্থাপনের পর দুই চালকই অবৈধ গাড়ি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া কুয়েতের ট্রাফিক আইনের ৩৩ বিস ধারা অনুযায়ী, জব্দ করা গাড়ি দুটি স্থায়ীভাবে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ, গাড়ি দুটি ক্রাশ করে ব্যবহারের অনুপযোগী করে ফেলা হবে।
এ ঘটনায় সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।



