যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ বুশেহরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি।
আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে তিনি বলেছেন, ‘আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে।’
বুশেহর ইরানের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। এর আগেও সেখানে ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেছে।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে কয়েকটি মিসাইল ছোড়ে দেশটির সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে এসব মিসাইল নিক্ষেপ করা হয়।
সূত্র: তাসনিম নিউজ






