জেদ্দায় ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন
- বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

সোমবার জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনীর মূল অধিবেশনে কর্মকর্তাদের দেখা যায়। ছবি: এসপিএ
সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক ‘হজ সম্মেলন ও প্রদর্শনী-২০২৬’ শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেদ্দার সুপারডোমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।
এবারের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মমন্ত্রী, হজবিষয়ক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অংশগ্রহণ করেন।
সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর আওতাধীন ‘গেস্টস অব গড সার্ভিস প্রোগ্রাম’-এর যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, হজ মিশনের প্রধান এবং সরকারি প্রতিনিধিরা।
এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় ৩২৫টিরও বেশি প্রতিষ্ঠান হজ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যাতায়াত, আবাসন এবং হাজিদের সেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান প্রদর্শন করছে।
এবারের সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করা। বিশেষ করে হাজিদের নিজ দেশ থেকে সৌদি আরবে আগমন, পরিবহন, আবাসন, পবিত্র স্থানগুলোতে যাতায়াত এবং হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে যাওয়া পর্যন্ত সার্বিক সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে বাদশাহ সালমানের পক্ষ থেকে প্রিন্স সৌদ বিন মিশাল বলেন, পবিত্র দুই মসজিদ ও আল্লাহর মেহমানদের সেবা সৌদি আরবের অন্যতম প্রধান অগ্রাধিকার। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় এবং সেবার মান উন্নয়নে সৌদি আরবের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ তার বক্তব্যে জানান, হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। ‘নুসুক’ প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটির বেশি হয়েছে। ১৪৪৭ হিজরি হজ মৌসুমে হাজিদের সন্তুষ্টির হার ছিল ৯৩ শতাংশ।
তিনি আরও জানান, বিদেশি হাজিদের সেবায় ৩৪টি প্রতিষ্ঠান কাজ করছে এবং ৫৮টি দেশে সরাসরি চুক্তির সুযোগ সম্প্রসারিত হয়েছে।
এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত চূড়ান্ত দ্বিপক্ষীয় চুক্তি।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করবেন বলে বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে।এ চুক্তির মাধ্যমে ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের হাজিদের সংখ্যা, হজ ব্যবস্থাপনা, পরিবহন, আবাসন, মিনা ও আরাফাতের সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।বাংলাদেশের ধর্মমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের অংশগ্রহণ আগামী হজ মৌসুমের প্রস্তুতি ও সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।চার দিনব্যাপী এ সম্মেলন ও প্রদর্শনীতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের অংশগ্রহণ রয়েছে। ৬৭ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে আয়োজিত প্রদর্শনীতে সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতের ৫২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সম্মেলনে হজ ব্যবস্থাপনার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, নতুন প্রযুক্তির ব্যবহার, হাজিদের নিরাপত্তা এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন চুক্তি স্বাক্ষরের আয়োজন রয়েছে।সৌদি আরবের এ উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আগামী হজ মৌসুমের প্রস্তুতি আরও সুসংহত করার প্রত্যাশা করা হচ্ছে।



