কেবল ইরানি ব্যবস্থাপনায় চলবে হরমুজ প্রণালি : গালিবাফ

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, মার্কিন হুমকিতে নয়, বরং কেবল ইরানি ব্যবস্থাপনায় হরমুজ প্রণালি চলবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো এই শিক্ষা নিতে পারেনি যে ধমক দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার দিন শেষ।
‘আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা যদি আঘাত করেন, তবে পাল্টা আঘাতও পাবেন’, মার্কিন প্রশাসনকে সতর্ক করে করেছেন গালিবাফ।
এর আগে সর্বশেষ দফায় গতকাল বুধবার মধ্যরাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং হরমুজ প্রণালি থেকে ওমান উপসাগর পর্যন্ত বিশাল এলাকা জুড়ে বড় হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
মার্কিন হামলায় দেশটির তিন সমুদ্রবন্দর বন্দর আব্বাস, কোনারক ও চাবাহারের ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাস ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর।
এ ছাড়া হরমুজ প্রণালি ও আশপাশে ইরানের নৌবাহিনী এবং সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যত স্থাপনা রয়েছে, প্রায় সবকটিতে হামলা হয়েছে।
মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত বোমায় চাবাহার বন্দর ও তার আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ভোর থেকে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মেহের নিউজের প্রতিবেদনে।
সূত্র : আনাদোলু এজেন্সি





