হরমুজ অতিক্রম করল মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজ

প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কুরাসাও পতাকাবাহ একটি জাহাজ অতিক্রম করেছে অবরুদ্ধ হরমুজ প্রণালি। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে এ তথ্য। এতে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ এই জলপথে এখনো নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, ‘কিউবা’ নামের সুপারট্যাংকারটি সম্প্রতি হরমুজ প্রণালি পার হয়ে লারাক দ্বীপের পূর্বে নোঙর করেছে। জাহাজটি ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, কারণ এটি ইরানের তেল পরিবহন করছিল চীনে।
সংস্থাটি বলছে, ‘যুক্তরাষ্ট্র দাবি করছে তারা হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে এবং ইরান-সম্পর্কিত জাহাজ চলাচল করতে দিচ্ছে না। তবে বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত বেশ কিছু ইরানি জাহাজ এই প্রণালি দিয়ে বের হয়ে গেছে বা প্রবেশ করেছে।’
ট্রেড অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, শুক্রবার আরও তিনটি জাহাজ অতিক্রম করেছে এই প্রণালি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার জানায়, ১৩ এপ্রিল হোয়াইট হাউস অবরোধ জারি করার পর থেকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে অন্তত ৩৩টি জাহাজকে।
তবে লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত অন্তত ২৬টি ‘শ্যাডো ফ্লিট’ জাহাজ পার হয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে। সংস্থাটি আরও জানায়, বুধবার পারস্য উপসাগরের দিকে যাচ্ছিল এমন ১০টি ট্যাংকার।

