ক্যান্সারে থামল অভিনেতা তারিকুজ্জামান তপনের জীবন

তারিকুজ্জামান তপন।
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন। আজ শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তারিকুজ্জামান তপন দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন খাদ্যনালির ক্যান্সারের সঙ্গে।
তার প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
গত ডিসেম্বরেই তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। সেসময়েই রোগটি চতুর্থ পর্যায়ে ছিল বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। একাধিক কেমোথেরাপিও গ্রহণ করেন এ অভিনেতা।
চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানান অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন। তিনি আরও জানান, তিনি কিছুই খেতে পারছিলেন না, বমি হচ্ছিল এবং তার দিন কাটছিল তীব্র শারীরিক যন্ত্রণায়।
চিকিৎসার ব্যয় বহন নিয়েও সংকটে পড়েছিল পরিবারটি। সরকারি হাসপাতালে শয্যা না পাওয়ায় চিকিৎসা কঠিন হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে সরকার ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছিল তারা। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিন কাজের মাধ্যমে পরিচিতি পান তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে বিশেষ ভাবে পরিচিত ছিলেন তিনি।

