‘ইউক্রেন দ্রুতই বুঝবে হামলার জবাবে ইরান ছাড় দেয় না’

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি
ইরানের ওপর যেকোনো হামলার ‘মূল্য চোকাতে হয়’। ইউক্রেনও শিগগিরই বুঝতে পারবে যে তেহরান তার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেয় না। এমনটাই সতর্ক করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ইরানের ওপর যেকোনো হামলারই মূল্য দিতে হয়, আর আজও সেই বাস্তবতা অপরিবর্তিত রয়েছে।’
তিনি আরও বললেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়টি খুব ভালোভাবেই জানে। ইউক্রেনও সম্ভবত খুব শিগগির বুঝতে পারবে যে, ইরান তার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেবে না।’
আজিজি আরও লিখেছেন, ‘যারা ভুল হিসাব করেছে, তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।’
কাস্পিয়ান সাগরে শনিবার ভোরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার পর এ সতর্কবার্তা দেন তিনি। ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এমন আগ্রাসী পদক্ষেপ যুদ্ধ আরও বিস্তৃত করতে পারে বলেও সতর্ক করে তারা। মন্ত্রণালয় আরও বলেছে, বৈধ আত্মরক্ষার নীতির আওতায় জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান কোনো দ্বিধা করবে না।




