মক্কার ক্লক টাওয়ারের নতুন দুই বিশ্ব রেকর্ড

সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ার অর্জন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি নতুন স্বীকৃতি। বিশ্বের সর্বোচ্চ ভবনের অভ্যন্তরে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের রয়্যাল কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি রেকর্ড দুটি আনুষ্ঠানিকভাবে অর্জিত হয়। এর মধ্যে ক্লক টাওয়ার জাদুঘর ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের কোনো ভবনের অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি ভূমি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকে বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এখান থেকে পবিত্র মসজিদুল হারাম, কাবা শরিফ এবং মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার জাদুঘর। টাওয়ারের ওপরের চারটি তলাজুড়ে অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় পরিমাপের ইতিহাস, চাঁদ পর্যবেক্ষণ এবং ঘড়ির প্রযুক্তিগত ও প্রকৌশলগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন সভ্যতায় সময় নির্ধারণের পদ্ধতি, প্রাচীন ও আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং ইসলামী বর্ষপঞ্জির মাস শুরুর জন্য নতুন চাঁদ পর্যবেক্ষণের বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন দর্শনার্থীরা।
পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত ৬০১ মিটার উচ্চতার এই ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। এরপর থেকেই এটি বিশ্বের অন্যতম আলোচিত স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিতি পেয়ে আসছে। সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এই টাওয়ার। এর চারদিকে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার।
এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ঘড়ির টাওয়ার এবং সবচেয়ে বড় ঘড়ির ডায়ালের স্বীকৃতিও পেয়েছে স্থাপনাটি। নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় ক্লক টাওয়ারের আন্তর্জাতিক রেকর্ডের তালিকা আরও সমৃদ্ধ হলো।
মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের রয়্যাল কমিশনের মতে, এই অর্জন মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি নগরীর বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের জন্য আরও উন্নত ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে পবিত্র নগরী মক্কা ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আধুনিক স্থাপত্য ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও পরিচিতি অর্জন করছে। ক্লক টাওয়ারের নতুন দুটি বিশ্ব রেকর্ড সৌদি আরবের আন্তর্জাতিক স্থাপত্য ও পর্যটন অঙ্গনে অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।




