সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

ফাইল ছবি: রয়টার্স
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
গতকাল বুধবার এক বিবৃতিতে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করেছে। তবে এ ঘটনায় দুজন নিহত হন।
সৌদি আরবের বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। হুতি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এসব হামলার ঘটনা ঘটছে।
এর আগে ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। তার আগের দিন একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে হুতিদের চলমান হামলার মধ্যে গতকাল বুধবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কুটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের আরও হামলার আশঙ্কা নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে।
সূত্র: আল জাজিরা।



