ইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ জন নিহত

ছবি: রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কিয়েভের উপকণ্ঠে একটি মার্কেটে ২ জন ও উত্তরাঞ্চলের সুমি শহরে ২ জনসহ মোট ৫ ব্যক্তি নিহত হয়েছেন।
ইউক্রেনের সরকারি আইনজীবীরা জানিয়েছেন, রবিবার কিয়েভের পশ্চিম উপকণ্ঠে সোফিস্কা বোরশচাহিভকার একটি মার্কেটে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২ জন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন। এদিন হামলা হয়েছে রাজধানীতেও।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরটিতে রুশ হামলায় এক শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে রাতে হামলা চালাচ্ছে দেশটি।
একইদিন ইউক্রেনের উত্তরাঞ্চলীয় জেলা সুমিতে তিনটি গ্লাইড বোমা ছুড়েছে রুশ বাহিনী। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিহোরভ জানিয়েছেন, একটি পরিবার সহায়তা কেন্দ্রের কাছে চালানো এই হামলায় ২ জন নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি ড্রোন হামলায় এক গাড়ি চালক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার থেকে ২৭৭টি ড্রোন ছুঁড়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ভবনও।



