পশ্চিমবঙ্গে গরু জবাই ও গরুর মাংস রপ্তানি নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘাত

পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ন্ত্রণে সোমবার আরও কঠোর আইন আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণাকে ঘিরে বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। একদিকে রাজ্যে গরু জবাই ও মাংসের ব্যবসায় কড়াকড়ি, অন্যদিকে বিজেপি সরকারের আমলে বিপুল পরিমাণ মহিষের মাংস রপ্তানি—এই দুই অবস্থানের মধ্যে অসংগতি দেখছে তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল নয়, সিপিএম ও কংগ্রেসও বিজেপি সরকারের উদ্যোগের সমালোচনা করেছে।
সোমবার (২৩ নভেম্বর) নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, রাজ্যে বেআইনি গরু জবাই বন্ধে নতুন বিল আনা হবে। তাঁর দাবি, গোপনে গরু জবাইয়ের ঘটনা সহ্য করা হবে না। এ জন্য ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে। পাশাপাশি অসুস্থ ও বয়স্ক গরুর দেখভালের জন্য নিবন্ধিত গোশালাগুলিকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এই ঘোষণার পাল্টা জবাব দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, রাজ্যে গরু রক্ষার কথা বলে বিধিনিষেধ চাপানো হচ্ছে, অথচ কেন্দ্রের বিজেপি সরকার মাংস রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করছে কেন? একই দেশে এমন দ্বিমুখী অবস্থান কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল সাংসদ দোলা সেনও বিজেপির আদর্শগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, গরুর মাংসের ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থার কাছ থেকে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছে। গরু রক্ষার নামে রাজ্যের সিদ্ধান্তে সংখ্যালঘুদের পাশাপাশি হিন্দু গরু ব্যবসায়ী ও দুধ বিক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মঙ্গলবার গণমাধ্যমে বলেন, আইন প্রয়োগের নামে পুলিশ গরিব মানুষকে গ্রেপ্তার করছে। অথচ গরু পাচারের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের অভিযোগ, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সংখ্যালঘুদের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান ও মানুষের জীবিকার মতো প্রশ্ন থেকে নজর সরাতেই সরকার এমন পদক্ষেপ করছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় সংস্থা এপিইডিএর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ১৪ লাখ ১৯ হাজার ৬৫০ টন মহিষের মাংস রপ্তানি করেছে। আয় হয়েছে প্রায় ৫০৯ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষ দেশ।



