১০ ইঞ্চি অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি পিৎজা, মিলল ক্ষতিপূরণ

একটি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ৫০৫ রুপির ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন ওই ক্রেতা। ছবি : রয়টার্স
অনলাইনে ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন এক ক্রেতা। কিন্তু তার হাতে পৌঁছায় ৭ ইঞ্চির পিৎজা। বিষয়টি জানিয়ে ফেরত চেয়েও পাননি সাড়া। শেষ পর্যন্ত ভোক্তা আদালতে যান ওই ক্রেতা। সেই মামলায় ক্রেতাকে ১০ হাজার ৫২০ রুপি (প্রায় ১৩ হাজার ৪৮৭ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তরাখণ্ডের একটি ভোক্তা কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ৫০৫ রুপির ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন ওই ক্রেতা। তবে সরবরাহ করা পিৎজার আকার ছিল ৭ ইঞ্চি।
পিৎজা হাতে পাওয়ার পরই তিনি অভিযোগ করেন ডেলিভারি প্ল্যাটফর্মের সাপোর্ট চ্যাটে। ভুল পণ্য পাওয়ার কথা জানিয়ে ফেরতও চান। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
পরে জাতীয় ভোক্তা হেল্পলাইন ও সিপিজিআরএএমএস পোর্টালে অভিযোগ করেন তিনি। পাশাপাশি পাঠান আইনি নোটিশও। তাতেও অর্থ ফেরত না পেয়ে মামলা করেন ভোক্তা কমিশনে।
মামলাটি শুনানি শেষে উত্তরাখণ্ডের ভোক্তা কমিশন জানায়, অর্ডারের চেয়ে তিন ইঞ্চি ছোট পিৎজা সরবরাহ করা সেবায় ত্রুটি এবং এটি অন্যায্য বাণিজ্যিক চর্চার শামিল।
কমিশনের প্রেসিডেন্ট গগন কুমার গুপ্ত এবং সদস্য ডা. অমরেশ রাওয়াত ও রঞ্জনা গোয়াল এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ও রেস্তোরাঁকে যৌথভাবে ক্রেতাকে মোট ১০ হাজার ৫২০ রুপি দিতে হবে। এর মধ্যে পিৎজার দাম ৫০৫ রুপি এবং ডেলিভারি চার্জ ১৫ রুপি। মানসিক ও শারীরিক হয়রানির জন্য ৫ হাজার রুপি এবং মামলার খরচ হিসেবে আরও ৫ হাজার রুপি দিতে হবে।
এই অর্থ আদেশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে করতে হবে পরিশোধ।
মামলায় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি দাবি করেছিল, তারা শুধু কাজ করে রেস্তোরাঁ ও ক্রেতার মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে। খাবার তৈরি, প্যাকেট করা বা বিক্রি করার সঙ্গে তারা সরাসরি যুক্ত নয়।
তবে কমিশন গ্রহণ করেনি সেই যুক্তি। তাদের মতে, ক্রেতা যে পণ্য অর্ডার করেছিলেন, সরবরাহ করা পণ্য তার সঙ্গে মিলেনি। তাই সেবায় ত্রুটির দায় নিতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে।
সূত্র : এনডিটিভি







