মণিপুরে দুই গাড়িতে সশস্ত্র হামলা, নিহত ৪

ভারতের মণিপুরের উখরুল জেলায় দুটি গাড়িতে সশস্ত্র হামলায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার সন্দেহভাজন জঙ্গিরা গাড়ি দুটিকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, দুটি গাড়িতে করে যাত্রা করছিলেন ওই চারজন। এ সময় হামলাকারীরা গাড়ি দুটিতে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গাড়ির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়।
হামলাকারী কারা এবং কী কারণে ওই চারজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের খুঁজতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো কুকি সংগঠনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মণিপুরে চলমান অস্থিরতার মধ্যে পরপর হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবারও রাজ্যের সেনাপতি জেলায় ধানখেতে কাজ করার সময় গুলিতে এক নারী নিহত ও দুজন আহত হন। একই দিন উখরুলে পৃথক গুলির ঘটনায় নাগা সম্প্রদায়ের ৫২ বছর বয়সী এক ব্যক্তি আহত হন।
উল্লেখ্য মণিপুরের চলমান এই উত্তেজনার মূলে রযেছে কুকি ও নাগা সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার বিরোধ। ২০২৩ সাল থেকে মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে যে দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত চলছে, তার মাঝেই পাহাড়ি এই দুই জনগোষ্ঠীর মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে।



