ভারতের উত্তরাখণ্ডে ছয় আরোহীসহ হেলিকপ্টার বিধ্বস্ত

বদ্রীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগের মুহূর্ত— সংগৃহীত ছবি
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় যোশিমঠ-বদরিনাথ রুটে ছয়জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদরিনাথ থেকে উড্ডয়নের পর হাথি পর্বত এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদরিনাথ থেকে দেরাদুনের সাহস্রধারার উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় আনুমানিক ১টা ১৪ মিনিটে উড্ডয়নের পর যোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে এর অবস্থান শনাক্ত করার ট্র্যাকিং ব্যবস্থাও কাজ করা বন্ধ করে দেয়। এর পর থেকে হেলিকপ্টারটির অবস্থান নিশ্চিত করা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযানে রাজ্যের উদ্ধারকারী দল এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয়জন ছিলেন।
এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বললেন, ‘যোশিমঠের কাছে ছাই গ্রামসংলগ্ন এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃসংবাদ পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।’
যোশিমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ বললেন, ‘হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সেনাবাহিনী, আমাদের এসডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে যাচ্ছে। আমিও সেখানে রওনা হয়েছি।’
গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনা বা এ ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি বড় প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি প্রাণহানিহীন ঘটনা রয়েছে।
সূত্র : এনডিটিভি



