কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি
- যাত্রী সরিয়ে শুরু তল্লাশি

বৃহস্পতিবার দুপুরে আচমকা বোমা রাখার হুমকি ইমেইল। তাতেই তীব্র আতঙ্ক ছড়াল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। মেইলে দাবি করা হয়, বিমানবন্দরের ভিতরে বিস্ফোরক রাখা হয়েছে এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় নিরাপত্তা সংস্থাগুলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ আগামীর সময়কে জানিয়েছে, হুমকির মেইল পাওয়ার পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু অংশ খালি করে দেওয়া হয়। শুরু হয় ব্যাপক তল্লাশি। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিমানবন্দরের বিভিন্ন জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন। সন্দেহজনক কোনও বস্তু পাওয়া গেছে কিনা, তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীরা একাধিক স্তরে তল্লাশি চালান।
যদিও এখনও পর্যন্ত বিমানবন্দর থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। ফলে প্রাথমিকভাবে এটি ভুয়ো হুমকি কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে মেলটি কে বা কারা পাঠাল, কোন জায়গা থেকে পাঠানো হয়েছিল এবং এর পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদেরও কাজে লাগানো হচ্ছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সাম্প্রতিক ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলার ঘটনায় আন্তর্জাতিক বিমান- নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে ইজরায়েলগামী ফ্লাইটে সহবিমানচালকের হামলায় বিমানটি জরুরিভাবে সৌদি আরবে নামাতে হয়েছিল। ঘটনার পর ভারতেও বিমানবন্দরগুলিতে নিরাপত্তা আরও জোরদারের কথা জানানো হয়।
কলকাতা বিমানবন্দরে অবশ্য এ ধরনের হুমকি নতুন নয়। অতীতেও একাধিক বার ইমেইলে বোমা রাখার দাবি করা হয়েছে। পরে সেগুলির কয়েকটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবে প্রতিটি হুমকিকেই গুরুত্ব দিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি। কারণ একটি মিথ্যা বার্তাও বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় বড় প্রভাব ফেলতে পারে।



