মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃষ্টি মুখার্জি। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নিহার মুখার্জির মেয়ে বৃষ্টি মুখার্জি আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর। মঙ্গলবার সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামের নিজ বাড়ির প্রথম তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য, কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন বৃষ্টি মুখার্জি। এ জন্য চিকিৎসাধীনও ছিলেন তিনি।
বৃষ্টি মুখার্জির বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। চলছিল বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিক তদন্তের পর মৃত্যুর কারণ ও ঘটনার পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশ জানিয়েছে, বৃষ্টি মুখার্জির মৃত্যুর পেছনে কী কারণ ছিল, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।








