গঙ্গার পানি চুক্তি নিয়ে দিল্লির নীরবতা
- ১২ ডিসেম্বরের আগে চুক্তি নিয়ে অনিশ্চয়তা

ফারাক্কা বাঁধ
গঙ্গার পানি নিয়ে বাংলাদেশের দাবি যত জোরালো হচ্ছে, ততই সংযত দিল্লি। ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ। অথচ নতুন চুক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট আশ্বাস দেয়নি নয়াদিল্লি। বাংলাদেশের তরফে বারবার আলোচনার তাগিদ দেওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে সেই তৎপরতার প্রতিফলন নেই। বরং তার কথায়, এই মুহূর্তে নতুন করে জানানোর মতো কোনও তথ্য নেই। প্রশ্ন উঠছে, বাংলাদেশের জলপ্রাপ্তির দাবি নিয়ে কি আদৌ আগ্রহী দিল্লি? নাকি দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান টানাপড়েনের মধ্যে পানিবণ্টনকে কূটনৈতিক দরকষাকষির একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ব্যবহার করছে ভারত?
গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়েছিল জয়সওয়ালকে। জবাবে তিনি জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু গঙ্গার পানিবণ্টন নিয়ে পরবর্তী বৈঠক কবে হবে, চুক্তি নবীকরণের বিষয়ে কোনও আলোচনা শুরু হয়েছে কি না, কিংবা ১২ ডিসেম্বরের আগে দুই দেশ কোনও সমঝোতায় পৌঁছতে পারবে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনও উত্তর দেননি তিনি। এর আগে ২৯ সেপ্টেম্বর জয়সওয়াল জানিয়েছিলেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে দুই দেশের প্রযুক্তিগত স্তরে আলোচনা চলছে। ৯ অক্টোবর তার বক্তব্য ছিল, নদী ও জলসম্পর্কিত যাবতীয় আলোচনা যৌথ নদী কমিশনের কাঠামোর মধ্যেই হবে। কিন্তু নভেম্বরের সাংবাদিক বৈঠকে সেই কমিশনের পরবর্তী বৈঠকের দিনক্ষণও জানাতে পারেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বৃহস্পতিবার আগামীর সময়ের প্রতিনিধিকে তিনি জানান “আমাদের কাছে এই সম্পর্কিত কোনও তথ্য এখনও পর্যন্ত নেই” ।ফলে ভারতের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
কেন্দ্রের অবস্থান বুঝতে গুরুত্বপূর্ণ ১৩ ফেব্রুয়ারির লোকসভার লিখিত জবাব। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছিলেন, ১৯৯৬ সালের চুক্তি নবীকরণ নিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা তখনও শুরু হয়নি। তবে ২০২৩ সালের জুলাইয়ে গঙ্গা চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ ও বিহারের প্রতিনিধিদেরও সেই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। পানীয় জল, কৃষি, শিল্প এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রয়োজনীয়তা বিবেচনা করেই ভারতের অবস্থান নির্ধারণ করা হবে বলে কেন্দ্র জানিয়েছে।
সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের সুপারিশ ছিল, ২০২৬ সালের পরে যাতে জলবণ্টন নিয়ে কোনও শূন্যতা তৈরি না হয়, সে জন্য দ্রুত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা উচিত। অর্থাৎ, আলোচনায় বিলম্বের বিষয়টি শুধু ঢাকার অভিযোগ নয়, ভারতের সংসদীয় কমিটিও এ নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছে।
অন্য দিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য কমিটি গঠন করেছেন। ১২ ডিসেম্বরের আগেই সমঝোতায় পৌঁছনোর আশা করছে ঢাকা। বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শাহিদউদ্দিন চৌধুরী এ্যানি আবার ১৯৭৭ সালের চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বাংলাদেশের বক্তব্য, শুষ্ক মরসুমে তাদের প্রাপ্য জলের নিশ্চয়তা চাই।
তবে দিল্লির নীরবতাকে সরাসরি বাংলাদেশকে জল না দেওয়ার সিদ্ধান্ত বলার সময় আসেনি এখনও বলেই মনে করছে বিশ্লেষক মহল । ভারত এখনও পর্যন্ত এমন কোনও ঘোষণা করেনি। আবার বাংলাদেশকে কতটা জল দেওয়া হবে, সেই বিষয়ে নতুন কোনও নিশ্চয়তাও দেয়নি। ভারতের অভ্যন্তরীণ জলপ্রয়োজন, বিশেষত পশ্চিমবঙ্গ ও বিহারের স্বার্থ যে কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে দিল্লি কি আলোচনার সময় ও শর্ত নির্ধারণের ক্ষেত্রে নিজের কূটনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে?
তিন দশকের পুরনো চুক্তির মেয়াদ ফুরোনোর মুখে গঙ্গার জল তাই এখন শুধু নদীর প্রবাহের হিসাব নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কেরও পরীক্ষা। ঢাকার প্রত্যাশা, দিল্লি দ্রুত আলোচনায় বসবে। আর নয়াদিল্লির অবস্থান এখনও অপেক্ষা ও প্রাতিষ্ঠানিক আলোচনার গণ্ডিতে। ১২ ডিসেম্বরের আগে এই নীরবতা কাটে কি না, তার উপর নির্ভর করছে দুই দেশের জলকূটনীতির পরবর্তী অধ্যায়।



