নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, ছিল না পাসপোর্ট

সংগৃহীত ছবি
পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে নেপাল সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় জর্ডান ব্রাউন (৩৬) নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)। উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের পর ওই ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং দেশটির নৌবাহিনীর (ইউএস নেভি) সাবেক কর্মকর্তা বলে দাবি করেছেন।
পুলিশের অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট সিদ্ধার্থ জানান, গত রবিবার সোনৌলি থানার অধীন মৈনিহওয়া এলাকায় ভারত-নেপাল সীমান্তের ৫১৬ নম্বর পিলারের কাছে নিয়মিত টহল দিচ্ছিল এসএসবির ২২তম ব্যাটালিয়ন।
সে সময় জর্ডান ব্রাউনকে সন্দেহভাজন হিসেবে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে ফেলে। তল্লাশি করে তার কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা পাওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদে জর্ডান ব্রাউন জানান, তিনি প্রথমে পর্যটক ভিসায় থাইল্যান্ড গিয়েছিলেন। কিন্তু সেখানে তার পাসপোর্টটি হারিয়ে যায়। এরপর কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সমুদ্রপথে শ্রীলঙ্কায় পৌঁছান তিনি।
‘সেখান থেকে আবারও সমুদ্রপথ ব্যবহার করে গত বছরের ২ নভেম্বর ভারতে প্রবেশ করেন’, জানান ব্রাউন।
তখন থেকেই গোয়ায় বসবাস করছিলেন। কোনো প্রকার পাসপোর্ট ছাড়া প্রায় সাত মাস ধরে তিনি ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে সোনৌলি সীমান্তে আসেন। পরে অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় জর্ডান ব্রাউনের কাছ থেকে ৩১ হাজার ৪৬০ ভারতীয় রুপি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসএসবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উত্তর প্রদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : এনডিটিভি





