এসআইআরে বাবার নাম বাদ
জন্মসনদ পেল না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু

পশ্চিমবঙ্গের খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব ও আমিনা খাতুন
একটি শিশু জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে পৌঁছাল না জন্মের সনদপত্র। কারণ, ভোটার তালিকায় তার বাবার নাম নেই! নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাবার নাম বাদ পড়েছে। আর তার জেরে সদ্যোজাতর পরিচয়পত্র আটকে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক দপ্তরের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, একজনের ভোটার তালিকায় নাম না থাকলে তার সদ্যোজাত সন্তানের জন্মের অধিকারও কি আটকে যাবে?
ঘটনাটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার। খাটামারি গ্রামের বাসিন্দা আমিনা খাতুন গত ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। এরপর স্বামী আবদুল হাবিবকে নিয়ে হাসপাতাল ও স্থানীয় পঞ্চায়েত দপ্তরে মেয়ের জন্মসনদের জন্য আবেদন করেন তিনি। কিন্তু তাদের জানানো হয়, পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় বিধায়কের কাছ থেকে বাসিন্দা হিসেবে যাচাই করিয়ে আনতে হবে।
সেই মতো দিনহাটার বিধায়ক অজয় রায়ের দপ্তরে যান হাবিব। কিন্তু সেখান থেকেও ফেরানো হয় তাকে। অভিযোগ, বলা হয়, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে। তাই মেয়ের জন্মসনদের জন্য প্রয়োজনীয় যাচাই করা যাবে না। এমনকি বিধায়কের দপ্তরের এক কর্মকর্তা তাকে বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ করেন এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে নাম নথিভুক্ত করার পরামর্শ দেন।
আগামীর সময়কে হাবিব বলেন, জন্ম থেকেই তিনি ভারতে বসবাস করছেন। খাটামারিতে তাদের বাড়ি তার দাদুর তৈরি। প্রয়োজনীয় সব নথি দেখানোর পরও তার আবেদন গ্রহণ করা হয়নি। সাহেবগঞ্জের ব্লক উন্নয়ন কর্মকর্তার দপ্তরেও একই কারণে তার আবেদন খারিজ হয়েছে বলে অভিযোগ।
হাবিব একা নন। ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার তিন বোনের নামও। নির্বাচন কমিশন তাদের ‘যৌক্তিক অসংগতি’র কথা জানিয়ে শুনানিতে ডেকেছিল। অভিযোগ, তাদের বাবার নামের সঙ্গে আরও ছয়জনের নাম যুক্ত থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে হাবিবের বাবা-মা, স্ত্রী আমিনা এবং এক দিদির নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। নিজের নাম ফেরাতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন হাবিব। এখনো তার নিষ্পত্তি হয়নি।
ঘটনায় ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটির বক্তব্য, জন্ম নথিভুক্ত করা প্রশাসনের আইনি দায়িত্ব। রাষ্ট্রসংঘের শিশু অধিকার সনদের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, জন্মের পরপরই প্রতিটি শিশুর নিবন্ধন এবং আইনি পরিচয় পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মায়ের ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে শিশুর এই অধিকারকে জুড়ে দেওয়া যায় না। সংগঠনটি অবিলম্বে শংসাপত্র দেওয়ার দাবিতে কোচবিহারের জেলাশাসকের কাছে আইনি আবেদন জানাবে বলেও জানিয়েছে।



