মিয়ানমারে মার্কিন নাগরিকের ড্রোন প্রশিক্ষণ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা শঙ্কা
- উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখছে এনআইএ
- মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতায় নজর

মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক
মিয়ানমারে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলিকে মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক ড্রোন চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন কি না, তা নিয়ে তদন্ত করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে তদন্তের পরিধি শুধু মিয়ানমারেই সীমাবদ্ধ নেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির সদস্যরাও তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এনআইএর মহাপরিচালক রাকেশ আগরওয়াল জানিয়েছেন, ভ্যানডাইকের কাছ থেকে ভারতের কোনও জঙ্গি সংগঠনের সদস্য প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, তা শনাক্ত করার চেষ্টা চলছে। শুক্রবার নয়াদিল্লিতে সংস্থার দু’দিনের সন্ত্রাসবাদবিরোধী সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোন কোন ভারতীয় জঙ্গি তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মিয়ানমারে সক্রিয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ড্রোন পরিচালনা ও ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছিলেন ভ্যানডাইক। সেই প্রশিক্ষণ শুধু মিয়ানমারের সংগঠনগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলিও এর সঙ্গে যুক্ত হয়েছিল, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
এনআইএ প্রধানের বক্তব্য, ভ্যানডাইক বৈধ ভিসা নিয়েই ভারতে এসেছিলেন। পরে বেআইনিভাবে ভারত থেকে মিয়ানমারে প্রবেশ করে কয়েকটি সশস্ত্র সংগঠনকে প্রশিক্ষণ দেন বলে অভিযোগ। একইভাবে তিনি আবার ভারতে প্রবেশ করে থাকতে পারেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ভারত-মিয়ানমার সীমান্তের নজরদারি নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন আগরওয়াল। সীমান্তের দুই পাশে বসবাসকারী বিভিন্ন জনজাতির মানুষের দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক যোগাযোগ রয়েছে। তাদের যাতায়াতের প্রচলিত ব্যবস্থার কারণে সীমান্তে নজরদারি চালানো এবং বেআইনি অনুপ্রবেশ শনাক্ত করা নিরাপত্তা সংস্থাগুলির পক্ষে কঠিন হয়ে পড়ে বলে তিনি জানিয়েছেন।
মিয়ানমারের পরিস্থিতি বাংলাদেশের কাছেও অপরিচিত নয়। রাখাইন রাজ্যের সংঘাত, রোহিঙ্গা সংকট এবং সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা নিয়ে বাংলাদেশকে দীর্ঘদিন ধরেই উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে। এর পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার এবং মানবপাচার ঠেকানোও বড় চ্যালেঞ্জ। ফলে মায়ানমারে সশস্ত্র গোষ্ঠীগুলির হাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে কি না, সে দিকেও নজর রাখা জরুরি।
বিশেষ করে ড্রোনের ব্যবহার সীমান্ত নিরাপত্তার প্রচলিত হিসাব বদলে দিতে পারে। তবে ভ্যানডাইকের প্রশিক্ষণের সঙ্গে বাংলাদেশের কোনও সশস্ত্র সংগঠনের যোগাযোগ রয়েছে, এমন তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এনআইএর তদন্তও মূলত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংগঠনগুলিকে ঘিরে।
এদিকে, ১৯ ও ২০ নভেম্বর নয়াদিল্লির ডিআরডিও ভবনে অনুষ্ঠিত এনআইএর ষষ্ঠ সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) আরও শক্তিশালী করার পরামর্শ দেন। সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রযুক্তিনির্ভর কার্যকলাপ মোকাবিলায় এটিএসে বিশেষ সাইবার বিশেষজ্ঞ দল গঠনের কথাও বলেন তিনি।
শাহের মতে, শুধু জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালেই সন্ত্রাসবাদ মোকাবিলা সম্ভব নয়। এর পিছনে থাকা অর্থের জোগানদাতা, সীমান্তপারের মদতদাতা, সংগঠিত অপরাধচক্র এবং স্থানীয় সহযোগীদেরও চিহ্নিত করতে হবে। সন্ত্রাসে অর্থের জোগান বন্ধ করতে আর্থিক তদন্ত জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
মিয়ানমারের অস্থিরতা যখন বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তখন ড্রোন প্রশিক্ষণ ঘিরে এই তদন্ত নতুন করে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন সামনে আনছে।



