কর্ণাটকে বাদ পড়ছে মুসলমান ভোটারের নাম

ভারতের কর্ণাটকে ভোটার তালিকা সংশোধন ঘিরে এবার নতুন বিতর্ক। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্রে ৮ লাখ ৮০ হাজারের বেশি মুসলমান ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে কর্ণাটক রাজ্য মুসলিম ওক্কুটা (কেআরএমও)। নিউজ পোর্টাল ‘দ্য অবজারভার পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের বুথভিত্তিক তথ্য বিশ্লেষণ করেছে রাজনৈতিক গবেষণা সংস্থা ‘সংকল্প’। সেই বিশ্লেষণের ভিত্তিতেই এই পরিসংখ্যান সামনে এনেছে কেআরএমও।
সংগঠনের দেওয়া হিসাব বলছে, ২০২৫ সালের ভোটার তালিকায় ওই ৬৪টি কেন্দ্রে ৩৮ লাখ ৮২ হাজার ৫৯৮ জন মুসলমান ভোটার ছিলেন। এসআইআর প্রক্রিয়ার পর তাদের মধ্যে ৮ লাখ ৮০ হাজার ৫৪৩ জনের নাম বাদ পড়েছে। বাদ যাওয়ার হার ২২ দশমিক ৬৭ শতাংশ। মুসলমান বিধায়করা যে ১০টি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন, সেখানকার পরিসংখ্যান নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। ওই কেন্দ্রগুলোতে সব মিলিয়ে ভোটার বাদ পড়ার হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। অথচ রাজ্যের গড় হার ১৯ দশমিক ৪৫ শতাংশ। এই ১০টি কেন্দ্রে ২ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন মুসলমান ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি।
বাদ পড়ার কারণ নিয়েও উঠেছে প্রশ্ন। সংকল্পের বিশ্লেষণ অনুযায়ী, ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করে মোট ১৫ লাখ ১৫ হাজার ৮৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৫৮ হাজার ৭৭০ জন মুসলমান। অন্যত্র নাম নথিভুক্ত রয়েছে, এই কারণ দেখিয়ে বাদ পড়েছেন ৭ লাখ ৮ হাজার ৬৬৬ জন। তাদের মধ্যে মুসলমান ১ লাখ ৪৩ হাজার ৯৪০ জন। কেআরএমওর প্রশ্ন, বাড়ি বাড়ি যথাযথ যাচাই না করেই কি এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে? বুথ লেভেল অফিসাররা কতবার ভোটারদের বাড়িতে গিয়েছিলেন, সেই তথ্যও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ সংগঠনটির।
এই পরিস্থিতিতে ‘এসআইআর’ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে কেআরএমও। পুরনো ভোটার তালিকা বহাল রাখার দাবিও তুলেছে তারা। পাশাপাশি, গোটা প্রক্রিয়ার ওপর পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় তদন্ত চেয়েছে সংগঠনটি। তবে এই পরিসংখ্যান নিয়ে নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।



