ভারতে ১.৮৬ ট্রিলিয়ন রুপির নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি অনুমোদন

ছবি: রয়টার্স
ভারতের মন্ত্রিসভা ১.৮৬ ট্রিলিয়ন রুপি ব্যয়ের একটি নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির অনুমোদন দিয়েছে। বিদ্যমান বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন ও বিদ্যুৎ সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে এ কর্মসূচি। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী বুধবার এ কথা জানিয়েছেন।
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ১.৩৬ ট্রিলিয়ন রুপির একটি প্রকল্পের মাধ্যমে রাজ্যগুলোর মধ্যে বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা শক্তিশালী করা হবে। এর ফলে সর্বোচ্চ ১৩৫ গিগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
প্রতি মাসে যে হারে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণে ভারত যখন হিমশিম খাচ্ছে, তখন এই অর্থায়নের অনুমোদন দেওয়া হলো।
এ ছাড়া, ৫০ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনে ৫০০ বিলিয়ন রুপির প্রণোদনা প্রকল্পও ঘোষণা করেছে ভারত। দিনের বেলায় উৎপাদিত পরিচ্ছন্ন জ্বালানি সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ভারতের অ-জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০৪ গিগাওয়াট। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৫০০ গিগাওয়াট করার লক্ষ্য নিয়েছে দেশটি।



