মন্দিরের ভক্তদের ওপর উঠে গেল ট্রাক, নিহত বেড়ে ১৫

ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ভক্তদের ওপর উঠে যাওয়ায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ভক্তদের চাপা দেয়। পরে সেটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেছেন, ‘অনেক ভক্ত শীতলা মাতার মন্দিরে যাচ্ছিলেন। ছিনোরের দিক থেকে আসা সড়কটিতে খাড়া ঢাল রয়েছে এবং সেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাক সেখানে থামানো হয়েছিল। সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে।’ তিনি আরও বলেছেন, ট্রাকটি সড়কে থাকা ভক্তদের চাপা দিয়ে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এসএসপি জানিয়েছেন, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। বাকিদের আঘাত তুলনামূলক কম। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।



