Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পারিবারিক ক্ষত থেকে মোদির রাজনীতিতে ক্ষোভ, কী আছে সোনিয়ার আত্মজীবনীতে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২১:২৮
শেয়ার করুন:
পারিবারিক ক্ষত থেকে মোদির রাজনীতিতে ক্ষোভ, কী আছে সোনিয়ার আত্মজীবনীতে

নিজের স্মৃতিকথা বই হাতে সোনিয়া গান্ধী— সংগৃহীত ছবি

১৯৮৪ সালের ৩১ অক্টোবরের সকাল। সোনিয়া গান্ধী তখন বয়সে তরুণ। একজন স্ত্রী ও মা সোনিয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাকতেন। গোসল করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় বাগান থেকে শুনতে পান গুলির শব্দ।

তার শাশুড়ি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাশের ভবনে নিজের কার্যালয়ের উদ্দেশে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন। কয়েক মুহূর্ত পরই শিখ ধর্মাবলম্বী তার দুই দেহরক্ষীর গুলিতে নিহত হন তিনি। ওই বছরের শুরুর দিকে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম তীর্থস্থান অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই ঘটানো হয়েছিল এ হত্যাকাণ্ড।

গুলির শব্দটা অনেকটা পটকা ফোটার মতো মনে হয়েছিল, তবে ‘কিছুটা আলাদা’। শিশুদের পরিচর্যাকারী নারীটি আতঙ্কিত অবস্থায় বাথরুমের দরজায় জোরে ধাক্কা দিচ্ছিলেন। বাগানের দিকে আঙুল তুলে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন তিনি।

সোনিয়া ছুটে গেলেন পথের দিকে। একটি সাদা অ্যাম্বাসাডর গাড়ি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। গাড়ির ভেতরে শুয়ে ছিলেন ইন্দিরা। রক্তে ভেজা তার শাড়ি, চোখ খোলা। মুখে এমন এক বিস্ময়ের অভিব্যক্তি, যা গেঁথে আছে সোনিয়ার স্মৃতিতে।

‘মাম্মি, মাম্মি’, বলতে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। একপর্যায়ে চিকিৎসকের মাথা নাড়ানোতেই বুঝতে পারেন, যে আশঙ্কা করছিলেন, সেটিই সত্যি হয়েছে।

সেই দুঃসহ অভিজ্ঞতার এখানেই শেষ নয়। ইন্দিরার বড় ছেলে ও সোনিয়ার স্বামী রাজীব গান্ধী তখন পশ্চিমবঙ্গে একটি নির্বাচনী জনসভায় ছিলেন। সেখান থেকে তাকে ডেকে পাঠানো হয়। এসে তিনি সোনিয়াকে জানান, কংগ্রেস নেতারা তাকে প্রধানমন্ত্রী করতে চান।

এ কথা শুনে ক্ষোভ ও আতঙ্কে ফেটে পড়েন সোনিয়া। স্বামীকে আকুতি জানিয়ে বলছিলেন, ‘ওরা তোমাকে মেরে ফেলবে। তোমাকেও মেরে ফেলবে!’ রাজীব জবাব দেন, ‘ওরা আমাকে এমনিতেও মেরে ফেলবে।’ সেদিন সন্ধ্যায় বাড়িতে ইন্দিরার মরদেহ রাখা অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব।

সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথা বিলংগিং: আ জার্নি অব লাভ–এর সবচেয়ে হৃদয়বিদারক অংশগুলোর একটি এটি। বইটিতে ব্যক্তিগত শোকের সঙ্গে জনজীবনের চাপ কীভাবে পাশাপাশি এগিয়ে চলে, তা তুলে ধরেছেন তিনি।

যে নারী এত দিন রাজনীতি থেকে দূরে ছিলেন, তিনিই তখন হলেন ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী। পরবর্তী সময়ে কংগ্রেস দলের নেতৃত্বও তার হাতে আসে। তার নেতৃত্বে দলটি দুটি সাধারণ নির্বাচনে জয় পায়। ভারতের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন হয়ে ওঠেন তিনি।

ওই স্মৃতিচারণে আরও একটি শোকাবহ ঘটনার পূর্বাভাস রয়েছে। ১৯৯১ সালে আততায়ীর হাতে নিহত হন রাজীব গান্ধীও।

এরপরের বছরগুলোতে সোনিয়া নিজেকে গুটিয়ে নেন।
১৯৯১ সালে রাজীব গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়ায় সোনিয়া গান্ধী (মাঝে), সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা ও ছেলে রাহুল— রয়টার্স১৯ বছর বয়সে ইতালির ছোট একটি শহরের তরুণী সোনিয়ার পরিচয় হয়েছিল ইংল্যান্ডে পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থী রাজীবের সঙ্গে। তাদের সম্পর্ক তাকে নতুন একটি দেশ ও পরিবারের সঙ্গে যুক্ত করে। ইন্দিরার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ও শাশুড়ির সূত্রে ভারতই হয়ে ওঠে তার নিজের দেশ।

রাজীবের হত্যাকাণ্ডের পর সোনিয়ার নেতৃত্বাধীন স্মৃতি-সংক্রান্ত ট্রাস্টগুলোর প্রয়োজনে জনসমক্ষে উপস্থিত হওয়াও তার জন্য কঠিন হয়ে পড়ে। বক্তব্য দেওয়ার আগে তিনি ভয় পেতেন, কান্নায় হয়তো ভেঙে পড়বেন।

দালাই লামা একবার তাকে জিজ্ঞেস করেছিলেন, স্বামীর হত্যাকারীদের প্রতি তার প্রতিশোধস্পৃহা আছে কি না। সোনিয়া জবাব দিয়েছিলেন, ‘না, আমার তা নেই।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ধীরে ধীরে রাজীব তার কাছে ‘বুকের ভেতর তীব্র শূন্যতা নয়, বরং নিজের ভেতরে এক উপস্থিতি’ হয়ে ওঠেন বলে লিখেছেন সোনিয়া।

তবে পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে শোক বার বার ফিরে আসত। ১৯৯৫ সালে ছেলে রাহুলের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার অনুষ্ঠানে সোনিয়া ও তার সন্তানদের মনে হয়েছিল, রাজীব বেঁচে থাকলে কতটা গর্বিত হতেন।

রাজনীতি যখন ঘিরে ধরল


এদিকে রাজনীতি ক্রমেই সোনিয়াকে ঘিরে ধরছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার স্বামীর পরিবারের রাজনৈতিক ভিত্তি হয়ে থাকা কংগ্রেস দল তখন সাংগঠনিক সংহতি ও নির্বাচনী শক্তি হারাচ্ছিল। জ্যেষ্ঠ নেতারা দল ছেড়ে যাচ্ছিলেন। সোনিয়াকে দলের দায়িত্ব নেওয়ার আহ্বানও ক্রমে জোরালো হচ্ছিল।

প্রথমে তিনি রাজি হননি। লিখেছেন, রাজীবের মাধ্যমে তিনি রাজনীতিকে কাছ থেকে দেখেছেন। এর সাফল্য যেমন দেখেছেন, তেমনি দেখেছেন এর ‘উচ্চাকাঙ্ক্ষা ও লোভ, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতা’। তিনি লিখেছেন, ‘আমি সব সময়ই রাজনীতি অপছন্দ করতাম।’ রাজনীতি প্রথমে কেড়ে নিয়েছিল তার শাশুড়িকে, এরপর ‘আমার জীবনের ভালোবাসা, আমার সন্তানদের বাবাকে’।

তবে কংগ্রেসের পতন একপর্যায়ে তার কাছে ব্যক্তিগত বিষয় হয়ে ওঠে। ইন্দিরা ও রাজীবের ছবি সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ‘বেদনা ও অপরাধবোধের মিশ্র অনুভূতি’ গ্রাস করত। তার ভয় ছিল, ভারতীয় সমাজের বহুত্ববাদী বৈশিষ্ট্য রক্ষায় যেসব শক্তির বিরুদ্ধে তারা লড়েছিলেন, সেগুলোই আবার শক্তিশালী হয়ে উঠছে। তার মতে, ক্রমবর্ধমান হিন্দু জাতীয়তাবাদ ভারতের সেই ‘ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভাবনার’ জন্য হুমকি হয়ে উঠছিল, যা রক্ষা করতে চেয়েছিলেন তারা।

কংগ্রেস নেতারা তাকে বোঝান, তিনি দায়িত্ব না নিলে দল ভেঙে যেতে পারে। তখন সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো শক্তিও আর অবশিষ্ট থাকবে না। সোনিয়ার বিশ্বাস ছিল, তার পরিবারের নাম ধর্ম, বর্ণ, ভাষা ও অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা রাখে। তিনি লিখেছেন, ‘এটাই ছিল সবচেয়ে জোরালো যুক্তি।’

নিজের যোগ্যতা নিয়েও সংশয় ছিল তার। রাজনীতির দুই প্রভাবশালী ব্যক্তিত্বের উত্তরসূরি হিসেবে অন্য দেশের একজন নারী কীভাবে সেই জায়গায় বসবেন? বাড়িতে রাহুল ও প্রিয়াঙ্কার ভয় ছিল, দাদি ও বাবাকে হারানোর পর এবার তারা মাকেও হারাবেন। নতুন বছরের ছুটিতে যাওয়ার আগে তারা মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন, ‘আমরা দূরে থাকাকালে কোনো পাগলামি কোরো না।’

সোনিয়া লিখেছেন, শেষ পর্যন্ত ভগবদ্গীতা থেকেই তিনি নিজের প্রশ্নের ‘উত্তর’ খুঁজে পান। প্রাপ্তবয়স্ক জীবনে ধর্মীয় অনুশীলনে অভ্যস্ত না হলেও ১৯৯৭ সালের জানুয়ারিতে সংস্কৃতের এক পণ্ডিতের কাছে ব্যক্তিগতভাবে পাঠ নেওয়ার ব্যবস্থা করেন তিনি। শ্লোক ধরে ধরে তারা গ্রন্থটি পড়েন। সোনিয়ার ভাষ্য, গীতার মূল শিক্ষা হলো নিজের ধর্ম বা কর্তব্য পালন করা, তবে কাজের ফলের প্রতি আসক্ত না হওয়া। শেষ পর্যন্ত এই শিক্ষাই তার ভেতরের দ্বন্দ্বের অবসান ঘটায়।মনমোহন সিং-এর সঙ্গে সোনিয়া গান্ধী, যাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেনতিনি লিখেছেন, ‘নিজের সংশয় ও প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম। আমাকে বাইরে বেরিয়ে আসতে হতো, যেখানে আমার কর্তব্য ডাকছে, সেখানে যেতে হতো। আমি সেটাই করেছি।’

তবে স্মৃতিকথার সবচেয়ে নাটকীয় রাজনৈতিক ঘটনা ঘটেছে এর সাত বছর পর, ২০০৪ সালে কংগ্রেসের নির্বাচনী বিজয়ের পর। সেবার দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন সোনিয়া।

কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের দাবি আনুষ্ঠানিকভাবে জানাতে সোনিয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। সঙ্গে ছিলেন মনমোহন সিং। সবাই ধরে নিয়েছিলেন, সোনিয়াই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু তিনি কিছু বলেননি।

বাড়িতে ফিরে এক জ্যেষ্ঠ সহযোগীকে জানান, তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না। এদিকে দলীয় কর্মীরা তার বাড়ির ফটকে জড়ো হন। জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে দেখা করার দাবি জানান।

এক নেতা বলছিলেন, ‘আপনি নির্বাচনে লড়েছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। মানুষ আপনার ওপর আস্থা রেখেছে। আপনি এভাবে তাদের হতাশ করবেন কীভাবে? আমাদের কর্মীরা বিদ্রোহ করবেন। আপনি কি মনে করেন, তারা অন্য কাউকে নেতা হিসেবে মেনে নেবেন?’

জোটের নেতারাও তাকে রাজি করাতে আসেন। সোনিয়া লিখেছেন, তারা তাকে ঘিরে ধরেন। একজন জোর দিয়ে বলেন, ‘আপনার কাছ থেকে আমরা না শুনব না।’ পরিস্থিতিতে অভিভূত হয়ে সোনিয়া অস্ফুট স্বরে বলেন, ‘ঠিক আছে।’ নেতারা একে সম্মতি ধরে নিয়ে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

সোনিয়া লিখেছেন, তার সন্তানেরা এতে ক্ষুব্ধ হয়েছিলেন। রাহুল ঘরে ঢুকেই বলে ওঠেন, ‘তুমি হ্যাঁ বলেছ?’ মেয়ে প্রিয়াঙ্কা তাকে কোনো চাপের মুখে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন।

সোনিয়া লিখেছেন, ওই রাতে নিজের সঙ্গে, বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় ধরে তর্ক করেছেন তিনি। ঝুঁকিটা শুধু ব্যক্তিগত ছিল না। তার বিশ্বাস ছিল, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রচার চালিয়ে যাবে। প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলে এই বিতর্ক ‘দেশে তোলপাড় সৃষ্টি করতে’ এবং দেশের ক্ষতি করতে পারে।

সকালে তিনি সিদ্ধান্তে অটল হন। রাহুলকে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নিজের অবস্থানেই অনড় থাকব।’

প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকেই বেছে নেন তিনি। প্রশিক্ষিত অর্থনীতিবিদ ও কংগ্রেসের একজন সদস্য সিংকে সোনিয়া বর্ণনা করেছেন ‘নির্মল চরিত্রের অধিকারী’ এবং ‘শাসনব্যবস্থা সম্পর্কে গভীর ও পূর্ণাঙ্গ ধারণাসম্পন্ন’ একজন মানুষ হিসেবে।

পরিবারের স্মৃতিচারণ থেকে সরে এসে সোনিয়া যখন তার হারিয়ে যাওয়া ভারতের কথা বলেন, তখন বইটি সবচেয়ে বেশি অন্তর্দৃষ্টিপূর্ণ হয়ে ওঠে।

সোনিয়া লিখেছেন, জনজীবনে প্রবেশের সময় সংসদীয় রাজনীতিতে ‘একধরনের শালীনতা ও সৌজন্যবোধ ছিল’।

রাজনৈতিক আক্রমণ ও কঠোর ভাষা আগে থেকেই ছিল। তবে তার মতে, ক্ষমতাসীনদের মধ্যে এখন ভিন্নমতাবলম্বীদের হেয় ও হয়রানি করা এবং প্রতিপক্ষ মনে করা ব্যক্তিদের ভয় দেখানোর প্রবণতা বেড়েছে। তিনি বলেন, এটি বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সঙ্গে আসা ‘নির্দয়তার’ বৃহত্তর প্রবণতারই অংশ।

হিন্দু জাতীয়তাবাদী বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে তার মূল্যায়ন বেশ সরাসরি।

সোনিয়া লিখেছেন, সংসদীয় বিভিন্ন অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় এবং হাসপাতাল থেকে ফেরার পর মাঝেমধ্যে ‘ঠিক আছেন, আপনি?’ ধরনের কথাবার্তা ছাড়া মোদির সঙ্গে তার ‘প্রায় কোনো প্রকৃত যোগাযোগই হয়নি’। তিনি বলেন, ‘মোদি সাধারণত অন্যদিকে তাকিয়ে থাকেন, চোখে চোখ রাখা এড়িয়ে যান।’
সোনিয়া গান্ধী লিখেছেন, তিনি ও প্রধানমন্ত্রী মোদির ‘কার্যত বাস্তব যোগাযোগ নেই’সোনিয়ার মতে, মোদির ভারত-ভাবনা গড়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শে। এই আদর্শে এমন এক মৌলবাদী দৃষ্টিভঙ্গির স্বীকৃতি রয়েছে, যেখানে তার নিজের ধর্ম ও সংস্কৃতি অন্য সবকিছুর ওপরে স্থান পায়। মোদির ভারত হলো ‘শ্রেণিবিন্যাস, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের’ ভারত। অন্যদিকে তার নিজের আদর্শ হলো ‘আধিপত্যের বিরুদ্ধে ভারত’, যেখানে গুরুত্ব পায় ‘অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার’।

তবে মোদির সমালোচনার মধ্যেও একটি উল্লেখযোগ্য স্বীকারোক্তি রয়েছে। সোনিয়া বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি মোদির ‘অস্বস্তি’ তিনি বুঝতে পারেন।

সোনিয়া বলেন, দিল্লির অভিজাতদের বৈঠকখানায় বসেও তিনি অস্বস্তি বোধ করতেন। সেখানে রাজনৈতিক আলোচনা ‘ভারতের বাস্তবতা থেকে অনেক দূরে’ বলে মনে হতো তার।

তিনি লিখেছেন, মোদির জন্ম ও বেড়ে ওঠার পরিবেশ তার প্রচার দলের বর্ণনার মতো অতটা সাধারণ না-ও হতে পারে। তবে ‘সুবিধাবঞ্চিত এক জগৎ থেকে উঠে এসে আরএসএসের ভেতরে নিজের ক্ষমতার অবস্থান তিনি নিশ্চিতভাবেই নিজ চেষ্টায় তৈরি করেছেন’। কংগ্রেসের নেতৃত্বস্থানীয় অভিজাতদের সঙ্গে সেই ভোটারদের সামাজিক দূরত্বের বিষয়টি এখানে বিরলভাবে স্বীকার করেছেন তিনি, যাদের প্রতিনিধিত্ব করতে এসেছেন মোদি।

বিশ্বনেতাদের সঙ্গে সোনিয়ার সাক্ষাতের কিছু স্মৃতিও রয়েছে বইটিতে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার মনে হয়েছে ‘আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী’। সেন্ট পিটার্সবার্গে পুতিন তাকে নৌভ্রমণে নিয়ে গিয়েছিলেন। পথে বিভিন্ন স্থাপনা দেখিয়ে দেন। ভূরাজনীতি সম্পর্কে পুতিনের ধারণা এবং ‘রাশিয়াকে আগের শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প’ তাকে মুগ্ধ করেছিল বলে লিখেছেন সোনিয়া। তিনি উল্লেখ করেছেন, ‘ইউক্রেন যুদ্ধের অনেক আগে, অন্য এক সময়ে’ এই অভিজ্ঞতা হয়েছিল তার।

ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে একটি মজার অভিজ্ঞতার কথাও লিখেছেন তিনি। ২০০৮ সালে ভারতে এসেছিলেন সারকোজি। তবে তখনকার সঙ্গী কার্লা ব্রুনিকে সঙ্গে আনেননি। কারণ, তখনো তাদের বিয়ে হয়নি।

রাষ্ট্রীয় ভোজসভায় ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতির স্ত্রী তাকে হাসিমুখে একের পর এক প্রশ্ন করতে থাকেন। কবে ব্রুনিকে বিয়ে করবেন, তাকে মিস করছেন কি না, বিয়ের তারিখ ঠিক হয়েছে কি না। সারকোজিও ফোনে ব্রুনির সঙ্গে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ধৈর্য ধরে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন।

বিলংগিং কোনো নিরপেক্ষ ইতিহাস নয়। রাজীব গান্ধীর সরকারের ব্যাপক ক্ষতি করা এবং কয়েক দশক ধরে তার পরিবারকে তাড়া করে বেড়ানো বোফর্স কামান কেলেঙ্কারির প্রসঙ্গ বইটিতে তুলনামূলক সংক্ষিপ্তভাবে এসেছে।

৫০২ পৃষ্ঠার এই স্মৃতিকথায় কংগ্রেসের নিজের শাসনামলের কম প্রশংসনীয় দিকগুলো নিয়ে তেমন খোলামেলা আলোচনা নেই। প্রতিপক্ষের আমলে রাজনৈতিক দুর্নীতি, ভণ্ডামি ও জনজীবনের মানের অবনতি নিয়ে সোনিয়ার অনেক কথা রয়েছে। কিন্তু কংগ্রেসের ক্ষমতায় থাকার সময় পৃষ্ঠপোষকতানির্ভর রাজনীতি, স্বজনতোষণ ও দুর্নীতির যে সংস্কৃতি দলটিকে তাড়া করেছে, তা তিনি অনেকটাই এড়িয়ে গেছেন। জনসাধারণের আস্থা ক্ষয়ে যাওয়ার পেছনে দলের নিজের দায় নিয়েও তেমন আত্মসমালোচনা নেই।

স্বামী ও শাশুড়ির কাছ থেকে পাওয়া রাজনৈতিক উত্তরাধিকার রক্ষায় সোনিয়া বেশ সচেষ্ট। অথচ তাদের গড়ে তোলা দলটি দীর্ঘদিন ধরে পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তার বর্ণিত গল্পটি যেমন সেই রাজনৈতিক উত্তরাধিকার বহন করার মূল্য নিয়ে, তেমনি এমন এক নারীর গল্প, যিনি বলছেন, শেষ পর্যন্ত যে জীবন তাকে যাপন করতে হয়েছে, তা তিনি কখনো চাননি।

এ কারণেই স্মৃতিকথার শেষ পাতাগুলোতে বিষণ্নতার স্পষ্ট ছাপ রয়েছে। ৭৯ বছর বয়সী সোনিয়া এখন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। ৫৫ বছর বয়সী রাহুল চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধীদলীয় নেতা। ৫৩ বছর বয়সী প্রিয়াঙ্কাও পার্লামেন্টের সদস্য।

সোনিয়া বলেছেন, জীবনের বেদনা ও ক্ষতি, জয় ও পরাজয় এবং রাজনীতির নানা কৌশলের মধ্যেও ‘ন্যায়সংগত ও মানবিক সমাজের’ প্রতি বিশ্বস্ত থাকাই ছিল তার চ্যালেঞ্জ। তবে স্মৃতিকথার শেষটা তিনি বিজয়ের কথা বলে করেননি। এমনকি ইতিহাস একদিন তার পক্ষে রায় দেবে, এমন আশ্বাসও দেননি।

তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমার মনে হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করেও যে শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম, সেগুলোকে পিছু হটাতে আমি সফল হইনি।’

সূত্র: বিবিসি

সোনিয়া গান্ধীআত্মজীবনীভারতকংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন