ককরোচের প্রধানকে থাপ্পড়, গ্রেপ্তার ৫

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচির সময় একদল যুবক তাকে প্রকাশ্যে চড় মারলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীদের সঙ্গে সিজেপি সমর্থকদের হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে পুলিশ।
ডিসিপি রাজর্ষি রাজ বর্মা জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন রোহিত শর্মা, রাকেশ গুর্জর, অজয় শর্মা, কুলদীপ সিং ও নিকেত। তাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, বেকারত্ব এবং তরুণদের নানা দাবি তুলে ধরতে এ বিক্ষোভের আয়োজন করে সিজেপি। কর্মসূচিতে অংশ নিতে শত শত মানুষ জয়পুরের শহীদ স্মারকে জড়ো হন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা দুর্নীতি ও পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘প্রশ্নপত্র ফাঁস বন্ধ করো’ এবং ‘আমি দেশকে ভালোবাসি, দুর্নীতি মেনে নিই না’ লেখা ছিল। অনেকেই বহন করেন জাতীয় পতাকাও। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সমর্থকদের কাঁধে চড়ে বিক্ষোভস্থলে প্রবেশ করছিলেন অভিজিৎ দিপকে। এ সময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন যুবক তার কাছে গিয়ে একাধিকবার চড় মারেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পর দিপকের সমর্থকরা কয়েকজন অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাদের মারধর করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে।




