যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি বৈঠক বাতিল করল ইরান

হরমুজ প্রণালি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির সর্বোচ্চ নেতার দপ্তরের প্রকাশনা ও সংরক্ষণ বিভাগের সদস্য মেহদি ফাজায়েলি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রবিবারের নির্ধারিত কারিগরি বৈঠকে অংশ নেয়নি ইরান।
এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর অংশীদারত্বে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদির সঙ্গে বৈঠকে আরাকচি জানান, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে পারস্য উপসাগরীয় দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত। অঞ্চলটির নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, সে বিষয়ে তাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তার ভাষ্য, এই নিরাপত্তা কাঠামোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও থাকতে হবে এবং এর বাইরে অঞ্চলের বাইরের কোনো সামরিক শক্তির উপস্থিতি থাকা উচিত নয়।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা নতুন করে সৃষ্টি করেছে উত্তেজনা। গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে সাম্প্রতিক হামলার জন্য একে অপরকে ওই অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছে উভয় দেশই।
সর্বশেষ টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়ে কেশম দ্বীপ, সিরিক ও বন্দর-ই-লেঙ্গেহ এলাকায় বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলা চালায় ইরান।




