ফ্রান্সে অস্থিরতা
বিক্ষোভকারীদের নতুন কর্মসূচি, মাঠে ৭০ হাজার পুলিশ

সপ্তাহ গড়ালেও ফ্রান্সের বিক্ষোভের আগুন নেভেনি এখনো। শিক্ষার মান নিয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন রূপ নিয়েছে গণআন্দোলনে। ফ্রান্সের প্রধান ছাত্রসংগঠন ইউএনইএফ আজ শনিবার ফের ডাক দিয়েছে সমাবেশের। অন্যদিকে বিক্ষোভ সামাল দিতে মোতায়েন করা হয়েছে ৭০ হাজার পুলিশ। এ ছাড়া ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে দিনটিতে জাদুঘর, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা বন্ধের। স্থানীয় চেম্বার অব কমার্সের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার।
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক টিভি চ্যানেল ফ্রান্স টুয়েন্টিফোর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় গতকাল শুক্রবার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ১৭ অক্টোবর আন্দোলন শুরু হওয়ার পর ছাত্রনেতাদের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।
তবে বৈঠকের আগেই ইউএনইএফ ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাখোঁ আমাদের দেশে বিক্ষোভ করার স্বাধীনতা পদদলিত করছেন।’
শনিবারের ছাত্র সমাবেশের পাশাপাশি ২০১৮ সালে আত্মপ্রকাশ করা সরকারবিরোধী আন্দোলন ‘ইয়েলো ভেস্ট’ আবেদন জানিয়েছে চলতি সপ্তাহে প্যারিসের কেন্দ্রস্থলে মিছিলের জন্য।
যদিও শনিবার প্যারিসে শুধু একটি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভের অনুমতি দিয়েছে পুলিশ। নাকচ করা হয়েছে ইউএনইএফ ও ইয়েলো ভেস্টের আবেদন।
গতকাল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শনিবারের বিক্ষোভ ঘিরে ফ্রান্স জুড়ে মোতায়েন করা পুলিশের সঙ্গে থাকবে বিশেষায়িত নিরাপত্তা ইউনিটও। গত সপ্তাহান্তে সহিংসতা ও লুটপাটের ঘটনায় অতি বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি।



