ইউরোপের সঙ্গে মৈত্রীর সেতু পুড়েছে, আক্ষেপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
- ইউরোপের সঙ্গে সম্পর্ক নষ্টের দায় দিলেন কনজারভেটিভদের
- ২০ নভেম্বর ব্রাসেলসে ব্রিটেন-ইইউ সম্মেলন
- নতুন চুক্তিতে খাদ্যের দাম কমার আশা
- অর্থনীতিতে এক হাজার ৭০০ কোটি পাউন্ড প্রবৃদ্ধির সম্ভাবনা

সংগৃহীত ছবি
একটি ভোট। একটি বিচ্ছেদ। তারপর দশ বছর ধরে লাভ-ক্ষতির হিসাব। ২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দিয়েছিল ব্রিটেন। প্রতিশ্রুতি ছিল, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে দেশটি। কিন্তু সেই বিচ্ছেদের এক দশক পর সরকারের শীর্ষ থেকেই উঠল অন্য সুর। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বক্তব্য, ইউরোপ ছাড়ার পর ব্রিটেন যা পেয়েছে, হারিয়েছে তার চেয়েও বেশি। এখন তিনি চান পুরোনো সম্পর্কের ভাঙা সেতু জোড়া লাগাতে। প্রশ্ন হলো, বিচ্ছেদের মূল্য কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের বাজারের থলিতেই জমা হয়েছে?
শনিবার (১৪ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলসের লানডুডনো শহরে লেবার পার্টির সম্মেলনে বার্নহ্যাম ব্রেক্সিট-পরবর্তী সম্পর্কের জন্য সাবেক কনজারভেটিভ সরকারকে দায়ী করেন। তার অভিযোগ, তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের মৈত্রীর ‘সব সেতু পুড়িয়ে দিয়েছে’।
বার্নহ্যাম বলেছেন, ‘গত দশ বছরে আমাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে।’ তার মতে, ২০১৬ সালে ভোটাররা যে বিচ্ছেদের কথা ভেবেছিলেন, রক্ষণশীলরা বাস্তবে তার চেয়েও কঠোর ব্যবস্থা চাপিয়ে দেয়।
এই অবস্থায় আগামী শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বার্নহ্যাম। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তার সঙ্গে খাদ্য ও কৃষিপণ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের সাময়িক বসবাস ও কাজের সুযোগ নিয়ে সমঝোতার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর দাবি, এসব চুক্তি হলে ব্রিটিশ অর্থনীতির আকার শূন্য দশমিক চার শতাংশ বা প্রায় এক হাজার ৭০০ কোটি পাউন্ড বাড়তে পারে। খাদ্য আমদানি-রপ্তানির কাগজপত্র ও সীমান্ত পরীক্ষার জটিলতা কমলে নিত্যপণ্যের দামেও চাপ কমবে। ওয়েলসের কৃষক, ভেড়ার মাংস ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকারকদের সুবিধার কথা বিশেষভাবে বলেছেন তিনি।
তবে এটি ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার ঘোষণা নয়। বার্নহ্যাম জানিয়েছেন, একক বাজার ও শুল্ক ইউনিয়নে না ফেরার এবং অবাধ চলাচল পুনরায় চালু না করার দলীয় নির্বাচনী অঙ্গীকার আপাতত বহাল। বড় পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদেরই হবে।
অন্যদিকে ইউরোপীয় নেতারাও বিনা শর্তে সুবিধা দিতে রাজি নন। ইউরোপীয় ইউনিয়নের সাবেক আলোচক মিশেল বার্নিয়ে জানিয়েছেন, একক বাজারের সুবিধা বেছে বেছে নেওয়া যাবে না। ইউরোপীয় কর্মসূচিতে অংশ নিতে অর্থ দেওয়ার প্রশ্নও উঠেছে।
ব্রেক্সিটের পটভূমি দীর্ঘ। ২০১৬ সালের গণভোটের পর ২০২০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। ২০২১ সালে শুরু হয় নতুন বাণিজ্যব্যবস্থা। ব্রিটেনের সরকারি অর্থনৈতিক পূর্বাভাস সংস্থার ধারণা, বর্তমান সম্পর্ক বহাল থাকলে দীর্ঘ মেয়াদে উৎপাদনশীলতা ইউনিয়নে থেকে যাওয়ার তুলনায় চার শতাংশ কম হতে পারে।



