নোবেল ঘোষণা শেষ, এখন স্টকহোমের নজর ডিসেম্বরের আয়োজনে

২০২৬ সালের নোবেল পুরস্কারের সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা শেষ হয়েছে। চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতির পুরস্কারপ্রাপকদের নাম প্রকাশের মধ্য দিয়ে নোবেল মৌসুমের ঘোষণাপর্ব শেষ হলেও সামনে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন।
এখন দৃষ্টি ডিসেম্বরের নোবেল সপ্তাহের দিকে। ‘ভিজিট স্টকহোম’-এর তথ্য অনুযায়ী, নোবেল সপ্তাহের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। ওই দিন স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর স্টকহোম সিটি হলে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত নোবেল ভোজ বা নোবেল ব্যাংকুয়েট। সুইডেনের রাষ্ট্রীয় গণমাধ্যম এসভিটি-এর নোবেলবিষয়ক বিশেষ সম্প্রচারসূচিতে নোবেল ব্যাংকুয়েটকে প্রতিবছরের অন্যতম প্রধান অনুষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হয়।
নোবেল ব্যাংকুয়েটকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ থাকে। পুরস্কারজয়ী গবেষক, লেখক ও শান্তিকর্মীদের সম্মানে আয়োজিত এই ভোজ নোবেল সপ্তাহের সবচেয়ে পরিচিত অনুষ্ঠানগুলোর একটি। ভোজসভাটি অনুষ্ঠিত হয় স্টকহোম সিটি হলের ব্লু হলে।
ডিসেম্বরে স্টকহোমের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন হলো নোবেল সপ্তাহ আলোক উৎসব। নোবেল প্রাইজ মিউজিয়ামের তথ্য অনুযায়ী, এ বছরের আলোকশিল্প উৎসবটি অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৩ ডিসেম্বর। স্টকহোমের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পী, ডিজাইনার ও শিক্ষার্থীদের তৈরি আলোকশিল্প প্রদর্শিত হবে। এই উৎসব নোবেল সপ্তাহ উদযাপনের অংশ এবং এতে অংশগ্রহণের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আলোকস্থাপনাগুলো নোবেল পুরস্কারপ্রাপ্ত বৈজ্ঞানিক আবিষ্কার, সাহিত্যকর্ম এবং শান্তি উদ্যোগ থেকে অনুপ্রাণিত। প্রতি সন্ধ্যায় আলোভিত্তিক এই শিল্পকর্মগুলো প্রদর্শন করা হবে, যার মাধ্যমে নোবেল পুরস্কারের ধারণা ও উত্তরাধিকারকে জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে।
নোবেলকে ঘিরে গণমাধ্যমের বিশেষ আয়োজনও চলবে। রাষ্ট্রীয় গণমাধ্যম এসভিটি নোবেল পুরস্কার, পুরস্কার বিতরণী, নোবেল বক্তৃতা এবং নোবেল ব্যাংকুয়েট নিয়ে বিশেষ সম্প্রচার করে থাকে। দর্শকদের জন্য এসব অনুষ্ঠান টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখার সুযোগ রাখা হয়।
এদিকে নোবেল প্রাইজ মিউজিয়াম জানিয়েছে, নোবেল পুরস্কার ঘোষণার সময় বিশ্বের দৃষ্টি স্টকহোমের দিকে থাকে। একইভাবে ডিসেম্বরের নোবেল সপ্তাহেও পুরস্কার বিতরণী, নোবেল ব্যাংকুয়েট এবং বিভিন্ন জনসাধারণমুখী আয়োজনের মধ্য দিয়ে নোবেলজয়ীদের অবদান বিশ্বব্যাপী নতুন করে আলোচনায় আসে।
অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে একটি অধ্যায় শেষ হলেও, নোবেল উদযাপনের সবচেয়ে আলোচিত আয়োজনগুলো এখনো বাকি। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে অনুষ্ঠিত হবে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নোবেল ব্যাংকুয়েট। এর পাশাপাশি ৫ থেকে ১৩ ডিসেম্বর চলবে নোবেল সপ্তাহ আলোক উৎসব। ফলে আগামী ডিসেম্বরএ নোবেলকে ঘিরেই থাকবে সুইডেনের রাজধানী স্টকহোমের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন।
তথ্যসূত্র: এসভিটি, নোবেল প্রাইজ মিউজিয়াম, ভিসিট স্টকহোম



