ছাত্রের গুলিতে ফ্রান্সে স্কুলের প্রধান শিক্ষকসহ আহত ২

ছবি: রয়টার্স
ফ্রান্সের মার্সেই শহরের কাছে অবান এলাকার লাকানাল স্কুলে সোমবার সকালে গুলিতে আহত হয়েছেন এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন শিক্ষক। দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেফ্রে জানান, হামলার পেছনে ওই স্কুলেরই এক শিক্ষার্থীর জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় সোমবার ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে ফরাসি কর্তৃপক্ষ। শিকারের কাজে ব্যবহৃত রাইফেল দিয়ে হামলাটি চালানো হয়েছিল বলে জানা গেছে।
ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ৩ জানিয়েছে, সন্দেহভাজন কিশোর স্কুলের ভেতরে কয়েকটি গুলি ছোড়ে। পরে স্কুলের কর্মীরা তাকে ধরে ফেলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর অবানে, মার্সেইয়ের কাছে, এ ঘটনায় আরও একজন গুলিতে সামান্য আহত হয়েছেন। তবে প্রধান শিক্ষক ও ওই শিক্ষকের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা নেই।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সে চলা মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে বলে মনে হচ্ছে না। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘মাধ্যমিক বিদ্যালয়টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে প্রভাবিত হয়নি।’
মার্সেইয়ের সরকারি প্রসিকিউটর দপ্তর একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
সূত্র: ফ্রান্স২৪



