নারীবিদ্বেষের বিস্তার, প্রতিবাদে রাস্তায় নামলেন সুইজারল্যান্ডের পুরুষরা

সংগৃহীত ছবি
নারীদের প্রতি বিদ্বেষ ও সহিংসতার মহামারি বন্ধের দাবিতে শনিবার সুইজারল্যান্ডের রাজধানীতে বিক্ষোভ করেছেন কয়েক শ পুরুষ। এসব সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে পুরুষদের আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।
পার্লামেন্টের বাইরে ‘নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে পুরুষ’ শিরোনামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষী মনোভাবের ব্যাপক উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে এর বিরুদ্ধে পাল্টা অবস্থান আরও জোরালো করতে অন্য পুরুষদেরও এগিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ বা পুরুষতান্ত্রিক অনলাইন বলয়ের প্রান্তিক অংশের কিছু প্রভাবশালী ব্যক্তি আরও উৎসাহিত হন। অনলাইনে নারীবিদ্বেষী কটূক্তি ও হুমকিকে ন্যায্যতা দেওয়া এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার প্রবণতাও তাদের মধ্যে দেখা যায়।
সুইজারল্যান্ডে এই আন্দোলনের ব্যাপ্তি কতটা, তা বোঝার চেষ্টা এবারই প্রথম করেছেন শিক্ষাবিদ ও অধিকারকর্মী সংগঠনগুলো।
জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও বাবাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী সংস্থা মেনকেয়ার প্রকাশিত এক জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের অর্ধেকই মনে করেন, ‘সমাজে প্রকৃত পুরুষেরা ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন’। তাদের মধ্যে পুরুষত্ব সম্পর্কে আধিপত্যনির্ভর ও সীমাবদ্ধ ধারণাও রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ‘সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের আদর্শ নিয়ে পদ্ধতিগত ও সমাজের সর্বস্তরে আলোচনা প্রয়োজন। এ আলোচনা শুরু হওয়া উচিত স্কুল থেকে।’
সুইজারল্যান্ড সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চলতি মাসের শুরুতে দেশটির বিচারমন্ত্রী বিট ইয়ানস নারীদের বিরুদ্ধে অনলাইনে সহিংস ভাষা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিপদ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন।
২ নভেম্বর এ বিষয়ে দেওয়া এক বক্তব্যে ইয়ানস পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটির জন্য দায়ী পুরুষেরা। ধর্ষণের ক্ষেত্রে এই হার ‘৯৯ শতাংশ পর্যন্ত’।
ইয়ানস বললেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু এটাও আমাদের স্বীকার করতে হবে, প্রায় সব ক্ষেত্রেই পুরুষেরাই জড়িত। পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। পুরুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।’
এই আন্দোলনের লক্ষ্য হলো, ‘ম্যানোস্ফিয়ার’ এবং বৃহত্তর অর্থে ‘পুরুষতন্ত্রের’ প্রভাবে জড়িয়ে পড়া তরুণদের চোখ খুলে দেওয়া।
‘নারী ও কুইয়ার জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার সমস্যার অংশ আমরাও, অর্থাৎ পুরুষেরা,’ বলেন ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি। তিনি ‘ম্যান এগেইনস্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বিক্ষোভের সহ-আয়োজক। তার সঙ্গে আয়োজনে যুক্ত ছিল ‘মেনার’ নামের একটি সংগঠন।
তিনি আরও বললেন, ‘এ কারণেই আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হয়ে থাকতে চাই না; আমরা সমাধানের অংশ হতে চাই।’
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস



