ব্রিক লেন
ঐতিহ্যবাহী বাংলা টাউন চলে যাচ্ছে চীনাদের দখলে

ভোর তখনো পুরোপুরি জাগেনি। জামে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসে। সেই সুর ব্রিক লেনের পুরনো ইটের দেয়ালে ধাক্কা খেয়ে মিশে যায় ফোর্নিয়ার স্ট্রিটের কুয়াশায়। ফুটপাতে তখনো রাতের শিশির। দোকানের ঝাঁপ বন্ধ। শুধু একটি মিষ্টির দোকানে আলো জ্বলছে। কেউ চুলায় দুধ চড়িয়েছেন। আরেকটি দিনের প্রস্তুতি।
যারা এই রাস্তায় বড় হয়েছেন, তাদের কাছে ব্রিক লেনের ইটের ফাঁকে ফাঁকে জমে আছে কারও প্রথম চাকরির ভয়, কারও প্রথম দোকানের স্বপ্ন। বাংলা হরফে লেখা রাস্তার নামফলকগুলো যেন বলে, এই মাটিতে আমাদেরও নাম লেখা আছে। আজ সেই নামফলকের পাশে উঠছে নতুন সাইনবোর্ড। নিভছে একের পর এক তন্দুরের আগুন। চায়ের টেবিলে, মসজিদের বারান্দায় তাই ঘুরেফিরে আসে একই প্রশ্ন। বাংলা টাউন কি চায়না টাউনে বদলে যাচ্ছে?
গত দেড় বছরে ব্রিক লেনে চীনা, থাই ও জাপানি খাবারের ১৮টির বেশি নতুন দোকান খোলা হয়েছে। কারির জন্য পরিচিত এই রাস্তায় এখন চোখে পড়ে সিচুয়ানের ঝাল খাবার, হংকংয় ধাঁচের নুডলস আর বাবল টির দোকান। গবেষক ড. শন কেরির পর্যবেক্ষণ, মহামারীর পর চীন থেকে আসা শিক্ষার্থী ও হংকং থেকে আসা অভিবাসীর সংখ্যা বাড়ার সঙ্গে এলাকায় চীনা রেস্তোরাঁ ও ক্যাফেও বেড়েছে।
ডিজিকন গ্রুপের স্বত্বাধিকারী এম এ লাকি ব্রিক লেনে ২৫ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন। তার পর্যবেক্ষণ, টাওয়ার হ্যামলেটসের রয়্যাল মিন্ট কোর্টে চীনা দূতাবাসের পরিকল্পনা নিয়ে তৎপরতা শুরুর পর এলাকায় চীনা ব্যবসাপ্রতিষ্ঠান বেড়েছে।
২০২১ সালের আদমশুমারিতে স্পিটালফিল্ডস অ্যান্ড বাংলা টাউন ওয়ার্ডের প্রায় ৪২ শতাংশ বাসিন্দা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন। চীনা হিসেবে পরিচয় দিয়েছেন তিন শতাংশের কিছু বেশি। পুরো টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি বাসিন্দা ছিলেন ১ লাখ ৭ হাজারের বেশি। পাঁচ বছর আগের এই হিসাব দিয়ে সাম্প্রতিক পরিবর্তনের মাত্রা বোঝা কঠিন। আক্ষেপটা সেখানেই। যে রাস্তায় একদিন দেশকে খুঁজে পাওয়া যেত, সেই রাস্তাতেই একদিন হয়তো দেশটুকু খুঁজতে হবে পুরনো ছবি আর মুরব্বিদের মুখে শোনা গল্পে।



