মিত্র দেশ পুনর্গঠনে ইরানের সম্পদে নজর যুক্তরাষ্ট্রের

ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোয় হওয়া ক্ষয়ক্ষতি পুনর্গঠনে ইরানের সম্পদ ব্যবহারের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের কারণে উপসাগরীয় মিত্র দেশগুলোয় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ব্যয় নিরূপণের জন্য একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভবিষ্যতে ইরানের হামলায় নতুন কোনো ক্ষতি হলে সেটি মেরামতেও ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে কী ধরনের সম্পদ পর্যালোচনা করা হচ্ছে তা নির্দিষ্ট করেনি সূত্রটি। ব্যবহৃত ভাষা থেকে এটিও স্পষ্ট নয় যে এটি শুধু জব্দ সম্পদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এই তথ্য এমন সময় সামনে আসল যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার ওপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তি।
ইরানের সম্পদ অন্য খাতে ব্যবহারের এই সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতির জন্য নতুন উত্তেজনার কারণ হতে পারে। সপ্তাহান্তে উভয় পক্ষের হামলায় সেই যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে পড়েছে।




