শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের পিকঅ্যাক্স পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের পিকঅ্যাক্স পর্বতটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত। এটি অত্যন্ত সুরক্ষিত এলাকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে মাটির অনেক গভীরে দুটি জটিল সুড়ঙ্গ ব্যবস্থা রয়েছে।
এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় চায় ডেমোক্র্যাটরা। তার ভাষ্য, রাজনৈতিক বামপন্থীরা যুক্তরাষ্ট্রের হয়ে চলমান যুদ্ধে হোয়াইট হাউসের জয় দেখতে চায় না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের মধ্যে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের রিপাবলিকান দল উচ্চ খাদ্য ও জ্বালানি মূল্যের চাপের মুখে রয়েছে। গত মাসে পিউ গবেষণা কেন্দ্রের এক জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩৪ শতাংশে নেমেছে। একই জরিপে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন অধিকাংশ মার্কিন নাগরিক।
অন্যদিকে আগামী সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যদেশগুলোর মাধ্যমে ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। কূটনীতিকদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ।
যদিও এ উদ্যোগের সমালোচনা করেছে তেহরান। তাদের দাবি, এই পদক্ষেপ ব্যর্থ হতে বাধ্য।
শুক্রবার ভিয়েনায় জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে বলেছে, ‘তাদের এই নতুন মরিয়া পদক্ষেপ থেকেও কোনো সুবিধা পাবে না তারা এবং এর মাধ্যমে কোনো অর্জনও হবে না।’






