তাইওয়ানের নাগরিকদের জন্য ৩০ হাজার টাকার এআই লভ্যাংশ

এআই, চিপ ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রযুক্তির কারণে বৈশ্বিক চাহিদার শীর্ষে রয়েছে তাইওয়ান/প্রতীকী ছবি
এআই, চিপ ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রযুক্তির কারণে বৈশ্বিক চাহিদার শীর্ষে রয়েছে তাইওয়ান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি। এ সাফল্য নাগরিকদের সঙ্গে ভাগ করে নিতে আগামী বছর সবাইকে ১০ হাজার তাইওয়ান ডলার (প্রায় ৩০ হাজার টাকা) করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং। এই বাড়তি অর্থকে অভিহিত করা হয়েছে ‘এআই লভ্যাংশ’ হিসেবে।
তাইওয়ানের সংবাদমাধ্যম তাইপেই টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের রাজস্ব বাড়ায় নতুন ঋণ না নিয়েই এবং বাজেট পরিকল্পনায় ব্যাঘাত না ঘটিয়েই দেওয়া সম্ভব এই অর্থ।
বিশ্বজুড়ে উন্নত চিপ, এআই সার্ভার ও ক্লাউডবেজড কম্পিউটিং প্রযুক্তির ব্যাপক চাহিদার কারণে বড় ধরনের প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে তাইওয়ানের অর্থনীতি। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই দেশটির অর্থনীতি বেড়েছে ১৪ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে পুরো বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৯ দশমিক ৬৪ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১১ দশমিক ০৫ শতাংশ।
প্রতিবেদন বলছে, চলতি বছরের শেষ নাগাদ তাইওয়ানের আইনসভা ২০২৭ সালের কেন্দ্রীয় সরকারের বাজেট অনুমোদন করলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নাগরিকদের মধ্যে বিতরণ করা হতে পারে এই অর্থ।
প্রেসিডেন্ট লাই জানান, নিজেদের প্রয়োজন অনুযায়ী এই অর্থ ব্যয় করতে পারবেন সবাই। শিক্ষা, বয়স্কদের যত্ন, পারিবারিক প্রয়োজন কিংবা স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাকাটার মতো বিভিন্ন কাজেও তা ব্যবহার করা যাবে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সিউল ইকোনমিক ডেইলির এক প্রতিবেদন বলছে, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে অন্যতম বড় সুবিধাভোগী হয়ে উঠেছে তাইওয়ান। বিশ্ববাজারে চিপ এবং কম্পিউটিং সরঞ্জাম সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটির চিপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
তবে নাগরিকদের সরাসরি অর্থ দেওয়ার এই প্রস্তাব নিয়ে হয়েছে সমালোচনাও। বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট লাইয়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এর আগে একই ধরনের নগদ অর্থ বিতরণের বিরোধিতা করেছিল। এখন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কারণে দলটি অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি সমালোচকেদের।
তবে প্রেসিডেন্ট লাইয়ের ভাষ্য, তাইওয়ানের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই এই অর্থ দেওয়ার উদ্দেশ্য। বিশেষ করে আয়বৈষম্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকা সময়ে সাধারণ মানুষ যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা পান, তা নিশ্চিত করতে চান তিনি।
তিনি আরও জানান, চলতি বছরের জন্য পূর্বাভাস দেওয়া ১১ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি বাস্তবায়িত হলে প্রায় চার দশকের মধ্যে তাইওয়ানের এটিই হবে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক সম্প্রসারণ।







