চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার

কথা শুনছে না কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মানবসভ্যতার জন্য হুমকি এই প্রযুক্তি। এআইর সাহায্যে চলছে যুদ্ধ। এসব তর্ক-বিতর্কে জর্জরিত বিশ্বনেতা থেকে বিজ্ঞানীরা। এই এআই বিতর্কের বছরেই এআইসহ উচ্চ প্রযুক্তিপণ্য বিক্রি করে রেকর্ড বাণিজ্য করেছে চীন। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছাড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলার বা ১ লাখ কোটি ডলার।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস তাদের সর্বশেষ সরকারি অর্থনৈতিক প্রতিবেদনে প্রকাশ করেছে এ তথ্য। গত বছরের রেকর্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তের পর দুই মাস আগেই চীন দ্বিতীয়বারের মতো পার করল এই ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের আগে এ তথ্য প্রকাশ প্রভাব বিস্তার করতে পারে আলোচনার টেবিলেও। সম্মেলনে তৃতীয়বারের মতো বৈঠকে বসার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
রয়টার্স জানাচ্ছে, বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০২৭ সাল পর্যন্ত বিশ্ব জুড়ে এআই খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি চীনা প্রযুক্তিপণ্যের চাহিদা ধরে রাখবে। বিশ্লেষকদের সতর্কতা, বিদেশি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা চীনকে অন্য দেশগুলোর সুরক্ষাবাদী পদক্ষেপের কাছে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতাও আড়ালে থেকে যেতে পারে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় অক্টোবরে চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৩৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির।
এর ফলে বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৪ ট্রিলিয়ন ডলারে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল। ২০২৫ সালের তুলনায় এবার এক মাস আগেই এই মাইলফলক ছুঁয়েছে চীন।
বাণিজ্য উদ্বৃত্তের এই বৃদ্ধি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে। বেইজিংয়ের সঙ্গে আলোচনার পর আগামী কয়েক বছরে জোটটিতে চীনের হাইব্রিড গাড়ি রপ্তানি সীমিত করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইইউ। এরপর চীনের সঙ্গে বাণিজ্যে আরও বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন জোটটির নেতারা। তবে এসব পদক্ষেপ এখনো কার্যকর হয়নি। ফলে কারখানাগুলো আগেভাগেই পণ্য পাঠানোর উদ্যোগ নিতে পারে, যা স্বল্প মেয়াদে রপ্তানি বাড়াবে।



