কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ৮০ শতাংশ কমেছে, চাপে বিশ্ববিদ্যালয়গুলো

সংগৃহীত ছবি
কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফেডারেল সরকারের অভিবাসন নীতিতে পরিবর্তন ও স্টাডি পারমিটের ওপর কঠোর নিয়ন্ত্রণের কারণে ২০২৬ সালের প্রথম সাত মাসে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমেছে। এতে দেশটির বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আর্থিক চাপ বাড়ছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই, শিক্ষাক্রম বাতিল ও বাজেট সংকোচনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টিউশন ফি কানাডার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। শিক্ষার্থী কমে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের আয় কমছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
কানাডার সর্বশেষ অভিবাসন পরিকল্পনায় আগামী তিন বছরের জন্য প্রতিবছর নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী আগমনের লক্ষ্যমাত্রা প্রায় ১ লাখ ৫০ হাজার নির্ধারণ করা হয়েছে। অথচ ২০২৪ সালে দেশটিতে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী এসেছিলেন প্রায় ২ লাখ ৯২ হাজার ৮৩০ জন।
কানাডা সরকার বলছে, আবাসন সংকট, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি পরিষেবার ওপর চাপ কমানো এবং অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য ফিরিয়ে আনতেই শিক্ষার্থী ভর্তির সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ওপর সীমা আরোপ করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ ও ২০২৬ সালেও বিভিন্ন বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোসেফ ওং মনে করেন, স্টাডি পারমিটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে কানাডার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের এসব সিদ্ধান্তের কারণে অনেক সম্ভাব্য শিক্ষার্থীর মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগের মতো উন্মুক্ত নেই।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থী সংগ্রহের জন্য গত দুই বছরে তিনবার ভারত সফর করেছেন জোসেফ ওং।
বিশ্ববিদ্যালয়গুলোর আশঙ্কা, অভিবাসন নীতির ঘন ঘন পরিবর্তন ও অনিশ্চয়তার কারণে মেধাবী শিক্ষার্থী এবং গবেষকরা কানাডার পরিবর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের অন্য দেশ বেছে নিতে পারেন।
অন্টারিওর অন্যতম বড় সরকারি কলেজ হাম্বার পলিটেকনিকও (Humber Polytechnic) আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৪ কোটি কানাডীয় ডলারের রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে।
আর্থিক সংকট মোকাবিলায় কিছু শিক্ষাক্রম বাতিল করা হয়েছে। পাশাপাশি কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগসহ ব্যয় সংকোচনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু হাম্বার পলিটেকনিক নয়, কানাডার অন্যান্য সরকারি কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানও আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ছে।
একদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন নিয়ন্ত্রণ করছে কানাডা সরকার, অন্যদিকে উচ্চশিক্ষা ও গবেষণার মান বাড়াতে আন্তর্জাতিক মেধাবী গবেষকদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে দেশটি।
প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার আন্তর্জাতিক গবেষণা ও প্রতিভা আকর্ষণে প্রায় ১৭০ কোটি কানাডীয় ডলারের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় উন্নত গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ গবেষক নিয়োগে সহায়তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে নতুন গবেষণা তহবিল কর্মসূচির মাধ্যমে ৬২ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের বেশি বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের মতো প্রতিযোগী দেশের সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক গবেষক ও বিজ্ঞানীদের আকৃষ্ট করতে চায় কানাডা।
স্টাডি পারমিটের সংখ্যা কমানোর পাশাপাশি কানাডা সরকার আবেদন যাচাই, আর্থিক সক্ষমতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি-সংক্রান্ত তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও কঠোর হয়েছে।
তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডায় পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে গেছে। বরং তুলনামূলকভাবে বাছাই করা শিক্ষার্থী, বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে সংশ্লিষ্টদের আকৃষ্ট করতে আগ্রহী কানাডা সরকার।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে যোগ্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের প্রাদেশিক বা আঞ্চলিক প্রত্যয়নপত্র (PAL বা TAL) জমা দেওয়ার শর্তে ছাড় দেওয়া হয়েছে। তবে স্টাডি পারমিটের অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।
বিশ্লেষকদের মতে, অভিবাসন নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক শিক্ষা খাতে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার মধ্যে ভারসাম্য তৈরি করাই কানাডার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের উৎস নন। তারা কানাডার অর্থনীতি, আবাসন, পরিবহন, স্থানীয় ব্যবসা এবং ভবিষ্যৎ দক্ষ শ্রমবাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষার্থী আগমনের সংখ্যা কমে যাওয়ার প্রভাব বিশ্ববিদ্যালয় ও কলেজের গণ্ডি ছাড়িয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও পড়তে পারে।
একদিকে সাময়িক অভিবাসন কমিয়ে আবাসন ও সরকারি পরিষেবার ওপর চাপ নিয়ন্ত্রণ করতে চাইছে কানাডা সরকার, অন্যদিকে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্বমানের মেধা আকৃষ্ট করার চেষ্টা করছে। এই দুই লক্ষ্যের মধ্যে সরকার কতটা ভারসাম্য রাখতে পারে, তা আগামী কয়েক বছরে দেশটির আন্তর্জাতিক শিক্ষা খাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: রয়টার্স, কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা সরকার।




