কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার আশঙ্কা

কানাডার প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় টানা ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিচু এলাকা
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণ উপকূলে টানা ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পেম্বারটন উপত্যকাসহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
কোথাও কোথাও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় হাইওয়ে ৯৯-এর কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, পেম্বারটন গ্রামের পুরো এলাকায় ছাড়ার প্রস্তুতিমূলক সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে পেম্বারটনের এয়ারপোর্ট রোড এলাকার নির্দিষ্ট কয়েকটি সম্পত্তিতে স্থানান্তরের নির্দেশ বহাল রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হলে বাসিন্দাদের খুব অল্প সময়ের নোটিশে এলাকা ছাড়তে হতে পারে। এ কারণে স্থানীয়দের জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখা এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
বন্যায় সড়ক যোগাযোগ ব্যাহত
বন্যার কারণে পেম্বারটন এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হাইওয়ে ৯৯-এর কয়েকটি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কোয়ামিশ-লিলুয়েট আঞ্চলিক জেলা জানিয়েছে, পেম্বারটন উপত্যকার কয়েকটি সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষ করে ওয়ান মাইল লেক-এর কাছে পেম্বারটন ক্রিক ব্রিজ উপচে পানি হাইওয়ে ৯৯-এ চলে আসার আশঙ্কা রয়েছে। এতে পেম্বারটন থেকে দক্ষিণ দিকে হুইসলার ও ভ্যাঙ্কুভারের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে এবং যাত্রার আগে ড্রাইভবিসি ওয়েবসাইটে সড়কের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলেছে।
কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত
কানাডার পরিবেশ ও আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ভ্যাঙ্কুভার আইল্যান্ডের কেনেডি লেক এলাকায় ২৪৮ মিলিমিটার, পোর্ট আলবার্নি এলাকায় ১২৩ মিলিমিটার, পোর্টেউ কভ এলাকায় ১৪০ মিলিমিটার, হুইসলার-এ ১৩৮ মিলিমিটার এবং স্কোয়ামিশ-এ ১৩৪ মিলিমিটার তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
অব্যাহত বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে বরফ গলার পানিও নদীর প্রবাহ বাড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে বন্যার পাশাপাশি ভূমিধস, নদীর তীর ভাঙন এবং সড়কে পাথর ও মাটি নেমে আসার আশঙ্কা রয়েছে।
জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান
স্থানীয় প্রশাসন বাসিন্দাদের জরুরি প্রয়োজনে ওষুধ, খাবার, গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ফোন ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখতে বলেছে। একই সঙ্গে বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি বা হেঁটে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব বাসিন্দা নিরাপদে নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন, তাদের অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রেখে সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যাঁদের জরুরি চিকিৎসা বা অন্য কোনো কারণে নিরাপদ স্থানে যেতে হবে, তাদের পরিস্থিতি ও সড়কের অবস্থা বিবেচনা করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় পেম্বারটন অ্যান্ড ডিস্ট্রিক্ট কমিউনিটি সেন্টারে জরুরি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
কানাডার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, নদীর পানির উচ্চতা এবং সড়ক যোগাযোগের অবস্থা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী নতুন সতর্কতা বা নির্দেশনা জারি করা হবে।
সূত্র: গ্লোবাল নিউজ, দ্য কানাডিয়ান প্রেস



