মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান-বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

রাখাইনে বাজারে বিমান হামলার পর আগুন জ্বলছে। ফাইল ছবি / রয়টার্স
মিয়ানমারে সামরিক বাহিনীর পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই জেলার একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি বাজারে আরেক হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন।
শনিবার এসব হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় একটি ত্রাণ সংস্থার তথ্য অনুযায়ী, মোয়ে বাই জেলার বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের শিবিরে সহায়তা দেওয়া নওয়ে উ ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয় দফায় বোমা ফেলা হয়। নিরাপত্তার কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।
হামলার পর রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারে চালানো বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনাকারী সংগঠনের প্রধান হ্লা মং উ। হামলার পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপের মধ্যে মানুষকে খোঁজাখুঁজি করতে দেখা গেছে। অন্য একটি স্থানে নিহতদের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারির দৃশ্যও দেখা গেছে।
মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে আলজাজিরা। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে, দেশটির নির্বাসিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) দাবি, বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহারকে কেন্দ্র করে চালানো বোমা, গোলা ও ড্রোন হামলায় আরও ২৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বাকি নয়জন পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি।
মোয়ে বাই শহর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের এলাকায় বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে। শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী এই অঞ্চলে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।
সাম্প্রতিক হামলাগুলো এমন এক সময়ে ঘটল, যখন গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে রায় দিয়েছেন। ওই অভিযানে বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ ও তাদের সম্পদ ধ্বংসের বিষয়টি উঠে এসেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং বলেছেন, আদালতের রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো তার সরকার মানবে না। ২০২১ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং এ বছর বিতর্কিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
সূত্র : আলজাজিরা



