কোরিয়ায় ৪১০ বিদেশি শিক্ষার্থীসহ সাড়ে সাতশ রাইডার আটক

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অবৈধভাবে খাবার ডেলিভারি পেশায় যুক্ত থাকার অপরাধে ৪১০ বিদেশি শিক্ষার্থীসহ ৭৩৪ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা পাঁচ মাস ধরে চালানো এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আজ সোমবার কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের ইমিগ্রেশন অ্যান্ড ফরেন পলিসি ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালে যেখানে মাত্র ৬৭ বিদেশি রাইডার ধরা পড়েছিল, সেখানে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই এই সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে। আটকদের অর্ধেকের বেশি শিক্ষার্থী, তালিকায় আছে বাংলাদেশিরাও।
তদন্ত প্রতিবেদনে দেখা যায়, আটক হওয়া রাইডারদের মধ্যে সবচেয়ে বড় অংশই হলো কোরিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী। মোট ৪১০ বিদেশি শিক্ষার্থী স্টুডেন্ট (ডি-২) ভিসায় কোরিয়ার ৯৬টি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অবৈধভাবে এই কাজ করছিলেন। শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিপ্রত্যাশী (ডি-১০) ভিসা এবং ওভারসিজ কোরিয়ান (এফ-৪) ভিসাধারীরাও এতে জড়িত ছিলেন।
জাতীয়তার ভিত্তিতে আটকদের মধ্যে সবচেয়ে বেশি ৬১ শতাংশ (৪৪৪ জন) ভিয়েতনামের নাগরিক। এরপর ২২ শতাংশ (১৬৪ জন) চীনের এবং ১২ শতাংশ (৮৬ জন) উজবেকিস্তানের নাগরিক। বাকি ৫ শতাংশের মধ্যে বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা রয়েছেন যারা অনুমোদন ছাড়া এই পেশা বেছে নিয়েছিলেন। কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ঘণ্টা পার্ট-টাইম কাজের নিয়ম থাকলেও কুরিয়ার বা ডেলিভারি রাইডার হিসেবে কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
কোরিয়ার প্রধান ফুড ডেলিভারি অ্যাপগুলোতে অ্যাকাউন্ট খুলতে হলে বৈধ কোরিয়ান রেসিডেন্সি কার্ড ও কাজের পারমিট লাগে। ফলে বিদেশি নাগরিক ও শিক্ষার্থীরা আইন ফাঁকি দিতে স্থানীয় কোরিয়ান এজেন্সির কাছ থেকে অ্যাকাউন্ট ‘ভাড়া’ নিয়ে কাজ করতেন।
তদন্তে দেখা যায়, সিউলের এক ডেলিভারি এজেন্সি মালিক ৬৭ বিদেশি কর্মীকে ভুয়া অ্যাকাউন্ট ভাড়া দিয়ে প্রতি মাসে জনপ্রতি ২ লাখ ৫০ হাজার উওন (প্রায় ১৮০ ডলার) করে হাতিয়ে নিচ্ছিলেন। ইনচনের আরেক দালাল প্রতি সপ্তাহে ৭০ হাজার উওন করে ভাড়া নিতেন। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৬ জন স্থানীয় কোরিয়ান এজেন্সি মালিককেও আইনের আওতায় আনা হয়েছে।
অভিযান শেষে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গুরুতর অপরাধের দায়ে ৬৮ বিদেশি নাগরিককে কোরিয়া থেকে সরাসরি ডিপোর্ট (বহিষ্কার) বা দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া বাকি ৬৪৩ জনকে ১ দশমিক ৬৩ বিলিয়ন কোরিয়ান উওন (প্রায় ১১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) জরিমানা আদায় করা হয়েছে।
ভবিষ্যতে এই অবৈধ প্রক্সি অ্যাকাউন্টের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করতে কোরিয়ার বিচার মন্ত্রণালয় দেশটির প্রধান ফুড ডেলিভারি অ্যাপ কোম্পানিগুলোকে তাদের সফটওয়্যারে বাধ্যতামূলক ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি যুক্ত করার আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছে।




