আফগানিস্তানে বিবিসির রেডিও সম্প্রচার বন্ধ করল তালেবান

সংগৃহীত ছবি
আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির তালেবান কর্তৃপক্ষ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। পরিস্থিতি সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছে বিবিসি।
বিবিসির এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের লাখ লাখ মানুষ নির্ভুল সংবাদ ও তথ্যের জন্য বিবিসির ওপর নির্ভর করেন। পরিস্থিতি সমাধানে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’
আফগানিস্তানের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবিব গুফরান বলেন, বিবিসির ‘বারবার নিয়ম লঙ্ঘনের’ কারণে আপাতত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে কী ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে সেপ্টেম্বরে আফগানিস্তান জার্নালিস্টস সেন্টার (এএফজেসি) জানিয়েছিল, দেশটিতে সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলো নানা বিধিনিষেধের মুখে পড়ছে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে সংবাদ প্রকাশের আগে সেন্সরশিপ, বিক্ষোভের খবর প্রচারে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট কিছু বিষয়বস্তু প্রকাশের আগে অনুমোদন নেওয়ার জন্য চাপ।
সংস্থাটি জানায়, সরকারি ও বেসরকারি সংবাদমাধ্যমে নারী সাংবাদিকদের কাজের ওপর বিধিনিষেধও বেড়েছে। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার ও পুনঃসম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আফগানিস্তানের ২৫টি প্রদেশে জীবিত প্রাণীর ছবি সম্প্রচারে নিষেধাজ্ঞার কারণে কয়েক ডজন টেলিভিশন স্টেশন বাধ্য হয়ে বন্ধ হয়ে গেছে বলেও জানিয়েছে আফগানিস্তান জার্নালিস্টস সেন্টার।
সূত্র : রয়টার্স, ৮এএম



