জাপানের শোগিতে শত বছরের ইতিহাস বদলাতে যাচ্ছেন এক নারী

তোমোকা নিশিয়ামা
জাপানের জনপ্রিয় বোর্ড গেম শোগিতে (জাপানি দাবা) নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ৩১ বছর বয়সী তোমোকা নিশিয়ামা। আগামী বছরের এপ্রিল থেকে পুরুষ খেলোয়াড়দের সঙ্গে একই পেশাদার বিভাগে খেলবেন তিনি। ১৯২৪ সালে জাপান শোগি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারী পুরুষদের পেশাদার বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন।
শোগিতে নারীদের পথচলা সহজ ছিল না। ১৯৬০-এর দশকে আকিকো তাকোজিমা যখন পেশাদার খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তখন এক পুরুষ প্রশিক্ষক তাকে বলেছিলেন, নারীরা এই খেলায় ভালো করতে পারবেন না। পরে তাকোজিমাসহ ছয় নারী প্রথমবারের মতো নারী পেশাদার খেলোয়াড়ের স্বীকৃতি পান।
নিশিয়ামার এই সাফল্যকে শোগির নতুন যুগের সূচনা হিসেবে দেখছে জাপানের সংবাদমাধ্যম। তবে এখনো এই খেলায় নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় অনেক কম।
২০২৫ সালে জাপান সরকারের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রায় ৫০ লাখ মানুষ নিয়মিত শোগি খেলেন। তাদের মধ্যে নারী মাত্র ২০ শতাংশ। গত অক্টোবর পর্যন্ত শোগির সর্বোচ্চ পেশাদার পর্যায়ের ১৭৪ জন সক্রিয় খেলোয়াড়ের সবাই ছিলেন পুরুষ। নিশিয়ামা যোগ দিলে এই চিত্রে পরিবর্তন আসবে।
১৯৭৪ সালে নারীদের জন্য আলাদা পেশাদার শোগি প্রতিযোগিতা শুরু হয়। বর্তমানে নারী পেশাদার খেলোয়াড়ের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। তবে তারা মূলত নারীদের জন্য নির্ধারিত প্রতিযোগিতায় অংশ নেন।
গত বছর জাপান শোগি অ্যাসোসিয়েশন নারীদের পেশাদার হওয়ার নিয়মে পরিবর্তন আনে। নতুন নিয়মে নারীদের প্রতিযোগিতায় ভালো ফল করেও পুরুষদের পেশাদার বিভাগে যাওয়ার সুযোগ তৈরি হয়। তবে এ সিদ্ধান্ত নিয়ে কয়েকজন পুরুষ খেলোয়াড় আপত্তি জানান। সোশ্যাল মিডিয়াতেও নিশিয়ামাকে কটূক্তির শিকার হতে হয়। কেউ কেউ তার সাফল্যকে বিশেষ সুবিধার ফল বলে মন্তব্য করেন। পরে অ্যাসোসিয়েশন তার পক্ষে অবস্থান নেয়।
শোগিতে নারীদের অংশগ্রহণ বাড়লেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মাতৃত্বকালীন ছুটি ও শিশু পরিচর্যার সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
নারী পেশাদার খেলোয়াড়দের সংগঠনের নির্বাহী পরিচালক সাওরি শিমাই বলেন, ছোটবেলায় শোগি শেখার সময় মেয়েদের সংখ্যা ছিল খুবই কম। তবে এখন নারী খেলোয়াড়ের সংখ্যা ও খেলার মান দুটোই বেড়েছে। নারীরা পুরুষদের চেয়ে দুর্বল খেলোয়াড়— এমন ধারণাও ধীরে ধীরে বদলাচ্ছে।
শোগিতে পেশাদার হওয়া প্রথম বিদেশি খেলোয়াড় কারোলিনা ফোর্তিন নিশিয়ামার অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তবে তার মতে, পুরুষ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নিশিয়ামাকে নিজের দক্ষতা বারবার প্রমাণ করতে হতে পারে।
নিশিয়ামা জানিয়েছেন, আরও দক্ষ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহই তাকে এই পর্যায়ে আসতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে তার আগে যেসব নারী খেলোয়াড় শোগিতে নিজেদের জায়গা তৈরি করেছেন, তাদের অবদানও তিনি স্মরণ করেন।
তিনি বলেন, শোগির ইতিহাসে নতুন একটি মাইলফলক তৈরিতে ভূমিকা রাখতে পারছেন, তা তিনি বুঝতে পারছেন। তার আগে যেসব নারী খেলোয়াড় পথ তৈরি করেছেন, তাদের কারণেই আজ তিনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন।



