ইরানে যাওয়ার পথে তৃষ্ণায় ৮ শিশুসহ ১৭ আফগানের মৃত্যু

২০২১ সালে ইরান থেকে অনিয়মিতভাবে তুরস্কে প্রবেশের পর দেশটির বিটলিস প্রদেশের তাতভানের কাছে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুকিয়ে আছেন আফগান অভিবাসীরা- রয়টার্স
ইরানের দিকে যাওয়ার পথে তীব্র পানিশূন্যতায় প্রাণ হারিয়েছেন ১৭ আফগান নাগরিক। নিহতদের মধ্যে নারী ও ১৮ বছরের কম বয়সী আটজনও রয়েছেন। ইরানের সারাভান সীমান্তের রোতাক এলাকায় পানি ফুরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হালভাশ।
হালভাশ জানিয়েছে, ইরানের সারাভান এলাকার রোতাক সীমান্ত অঞ্চলের মাক-সোখতে এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রাপথে পানি ফুরিয়ে যাওয়ার পর তারা মারা যান।
সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি পরিবারের পাঁচ সদস্য ছিলেন। তাদের মধ্যে ছিলেন ৪৫ বছর বয়সী এক মা এবং তার চার মেয়ে। মেয়েদের বয়স ছিল ১৪, ১৬, ১৮ ও ২২ বছর।
হালভাশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৪ বছরের কম বয়সী আরও প্রায় ছয় শিশুও ছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনেরা জানিয়েছেন, ইরানের দিকে যাওয়ার পথে ওই আফগান নাগরিকেরা তীব্র পানির সংকটে পড়েছিলেন। পরে পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়।
হালভাশ প্রকাশিত ভিডিওতে একটি অজ্ঞাত স্থানে কয়েকজনকে একাধিক কবর খনন করতে দেখা গেছে। সংগঠনটি জানিয়েছে, ইরানে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মারা যাওয়া আফগান নাগরিকদের দাফনের জন্য এসব কবর প্রস্তুত করা হচ্ছিল।
হালভাশ জানিয়েছে, নিহতের মোট সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইরানে পৌঁছানোর চেষ্টা করা আফগান নাগরিকদের এ ধরনের মৃত্যুর ঘটনা চলতি বছরের শুরুর দিকেও ঘটেছিল।
আগস্টের শুরুতে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের উত্তপ্ত মারগো মরুভূমি পেরিয়ে ইরানে যাওয়ার সময় হায়াতুল্লাহ ও আরও ১৮ জন নিখোঁজ হন। পরে জানা যায়, প্রচণ্ড গরম ও পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়েছে।
এসব ঘটনা প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার জন্য অনিয়মিত অভিবাসনপথ ব্যবহারকারী আফগান নাগরিকদের ঝুঁকির বিষয়টি সামনে আনছে। প্রত্যন্ত সীমান্ত এলাকায় তাদের তীব্র গরম, পানিশূন্যতা এবং অন্যান্য বিপদের মুখোমুখি হতে হচ্ছে।
দারিদ্র্য, বেকারত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এখনও অনেক আফগান নাগরিক দেশ ছাড়ছেন। ইরানে পৌঁছাতে তাদের অনেকেই পাচারকারীদের ওপর নির্ভর করছেন এবং দুর্গম ও কঠিন ভূখণ্ডের মধ্য দিয়ে যাত্রা করছেন।
ইরান ও তুরস্কের দিকে যাওয়ার পথেও আফগান অভিবাসীরা বিভিন্ন ঝুঁকির মুখে পড়ছেন। সীমান্তে গুলিবর্ষণ এবং কঠিন আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডের কারণে মৃত্যুর খবরও পাওয়া গেছে।
সূত্র: আমু টিভি, ইনফো মাইগ্রেন্ট




