গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক

গিনির কোনাক্রির দার এস সালাম এলাকায় রাতভর ভারী বৃষ্টির কারণে ভূমিধসে বহু লোক নিহত হওয়ার পর উদ্ধারকর্মীরা একটি আবর্জনার স্তূপের ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ছবি : রয়টার্স
গিনির রাজধানী কোনাক্রিতে বড় একটি আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শহরের দার-এস-সালাম এলাকায় রবিবার রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে।
এরপর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই ঘটনায় তার পাঁচ সন্তান নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ আবর্জনার স্তূপ সরাতে দেখা যায়। এ সময় আশপাশের বাসিন্দারাও সেখানে জড়ো হন।
গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিস্থিতি দেখার পাশাপাশি উদ্ধারকাজের তদারকি করেন।
এর আগে স্থানীয় এলাকার নেতা লানসিনে সিলা বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, এই ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তিনি।
তিনি বলেছেন, ‘আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি। সেগুলো মর্গে নেওয়া হয়েছে।’
২০১৭ সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।
সূত্র : বিবিসি







