যুক্তরাষ্ট্র
ফ্লাইট নিয়ন্ত্রণের চাকরিতে গেমারদের সুযোগ, বেতন কত

প্রতীকী ছবি
ঘণ্টার পর ঘণ্টা ভিডিও গেমে বুঁদ হয়ে থাকা গেমারদের নিয়ে অভিযোগের শেষ নেই বাবা-মায়ের। কিন্তু সেই গেমারদের জন্যই এবার খুলে যাচ্ছে এক অভাবনীয় ক্যারিয়ারের দুয়ার।
মার্কিন সরকার মনে করছে যারা ভিডিও গেমে পারদর্শী, তারা সফল হতে পারেন ফ্লাইট চলাচল নিয়ন্ত্রক বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে। এই খাতের কর্মী সংকট মেটাতে এখন সরাসরি গেমারদের দিকেই হাত বাড়িয়েছে দেশটি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের নতুন এক বিজ্ঞাপন প্রচারণায় গেমারদের এই পেশায় আসতে আহ্বান জানিয়েছে সরাসরি। নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় গেমারদের অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি।
প্রচারণা ভিডিওটির শুরুতেই দেখা যায় এক্সবক্স ওয়ানের লোগো। এরপর দ্রুত বদলে যাওয়া দৃশ্যে দেখা যায় একদল তরুণ অনলাইনে খেলছে ভিডিও গেম। পরক্ষণেই দৃশ্যটি বদলে গিয়ে দেখায় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে কম্পিউটার স্ক্রিনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে রয়েছেন কর্মীরা।
ভিডিওর বার্তাটি বেশ পরিষ্কার। বিজ্ঞাপনী ভিডিওতে বলা হয়েছে, ‘আপনি এতদিন এটার জন্যই নিচ্ছিলেন প্রশিক্ষণ।’
শুধু প্যাশন নয়, এই পেশায় রয়েছে বিপুল টাকার হাতছানিও। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশটির ওকলাহোমা সিটিতে চলবে নির্বাচিতদের তিন বছরের ট্রেনিং সেশন। ট্রেনিংয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিত কন্ট্রোলারের বার্ষিক বেতন হতে পারে ১ লাখ ৫৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার বেশি।
আবেদনকারীদের যোগ্যতায় বলা হয়েছে, প্রার্থীদের অবশ্যই হতে হবে যুক্তরাষ্ট্রের নাগরিক। বয়স ৩০ বছর বা তার কম। প্রার্থীদের উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও বিমান চলাচলসংক্রান্ত প্রাথমিক নিয়োগ পরীক্ষায়। আগামী ১৭ এপ্রিল থেকে ইউএসএ জবসের মাধ্যমে শুরু হবে আবেদন।
যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন পি. ডাফি এক বিবৃতিতে বলেছেন, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে কৌশলে পরিবর্তন এনেছে এফএএ।
শন ডাফি মনে করেন, আজকের তরুণ গেমারদের মধ্যে রয়েছে এমন কিছু হার্ড স্কিল, যা অত্যন্ত জরুরি একজন সফল কন্ট্রোলার হওয়ার জন্য।
গেমারদের নিয়োগ দেওয়ার এই অভিনব কৌশলকে স্বাগত জানিয়েছে কন্ট্রোলারদের ইউনিয়ন ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়নের প্রেসিডেন্ট নিক ড্যানিয়েলসের ভাষ্য, পেশার মান ও কঠোর মানদণ্ড বজায় রেখে যদি নতুন ও দক্ষ মেধাবীদের খুঁজে পাওয়া যায়, তবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা।

