এরদোয়ানের বিরুদ্ধে ‘মামলা করবেন’ নেতানিয়াহু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— রয়টার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ আইনি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধান ও আন্তমন্ত্রণালয় পর্যায়ের একটি দলকে এ মামলা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ রবিবার সন্ধ্যায় জানিয়েছে এমন তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, মামলাটিতে কুর্দিদের বিষয়ে তুরস্ক সরকারের নীতি, পাশাপাশি হামাসের সঙ্গে আঙ্কারার সম্পর্ক এবং গোষ্ঠীটিকে তুরস্কের আর্থিক সহায়তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আঙ্কারা ও তেল আবিবের মধ্যে আইনি বিরোধ ক্রমেই বাড়তে থাকার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। এর আগে এরদোয়ান বলেছিলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ওই অঞ্চলের অভিযান নিয়ে তুরস্কে শুরু হওয়া আইনি প্রক্রিয়ার পর নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির চেষ্টা হিসেবে তিনি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
আই২৪নিউজ জানিয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় এ মামলার নথি ব্যবহারের কথা বিবেচনা করছে। এর মধ্যে সরাসরি অথবা অন্য কোনো দেশের মাধ্যমে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি তোলার সম্ভাবনাও রয়েছে।
সূত্র: মিডলইস্ট মনিটর




