ইউক্রেনের হামলায় ব্যবহার ঠেকাতে ‘ফাঁকফোকর’ বন্ধ করেছে স্টারলিংক, দাবি মাস্কের

স্টারলিংকের ডিভাইসের পাশে একজন ইউক্রেনীয় সেনা— রয়টার্স
বেসামরিক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন হামলা চালানোর সুযোগ বন্ধ করে দিয়েছে স্পেসএক্স। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী যুদ্ধবাজদের ‘নরকে জ্বলতে’ বলেছেন তিনি।
ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে বিরোধ আরও গভীর হওয়ার মধ্যে শনিবার মাস্কের এমন কঠোর মন্তব্য এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, সংঘাতের অবসান ঘটানোর বিভিন্ন সুযোগ বারবার প্রত্যাখ্যান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা চালিয়ে বিশ্বজুড়ে জ্বালানির সংকট আরও বাড়াচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘মানুষকে হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় বেসামরিক বাণিজ্যিক পরিষেবা স্টারলিংক ব্যবহার কখনোই অনুমোদিত ছিল না, আর তা হওয়াও উচিত নয়। ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করে মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে। গত সপ্তাহে সেই ফাঁকফোকর বন্ধ করা হয়েছে।’
স্পেসএক্সের প্রধান নির্বাহী স্টারলিংকের বাণিজ্যিক নেটওয়ার্ক থেকে স্টারশিল্ডকে আলাদা করে দেখিয়েছেন। স্টারশিল্ড যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণাধীন পৃথক একটি সামরিক মানের স্যাটেলাইট ব্যবস্থা। মাস্ক বললেন, ‘তারা কী করবে, তা তাদের ব্যাপার।’
যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেওয়া নামহীন ‘যুদ্ধবাজদের’ বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে বক্তব্য শেষ করেন মাস্ক। জেলেনস্কির প্রতি ট্রাম্পের ক্রমেই কঠোর হয়ে ওঠা বক্তব্যের সঙ্গে মাস্কের এই সমালোচনার মিল রয়েছে।
মাস্ক লিখেছেন, ‘অবিরাম হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং সংঘাতের কোনো বাস্তবসম্মত সমাধান না দেওয়া—এমন ভণ্ডামিপূর্ণ নৈতিকতার বুলি আওড়ানো দুষ্ট যুদ্ধবাজদের প্রতি আমার চরম ঘৃণা ছাড়া আর কিছুই নেই। তোমরা নরকে জ্বলতে থাকো।’
ইউক্রেনের বাহিনীর ব্যবহৃত স্যাটেলাইট পরিষেবায় বিধিনিষেধ আরোপের ঘটনায় কয়েক দিন ধরে বিতর্ক চলছে। কিয়েভের দাবি, পরিষেবার গতি কমে যাওয়ায় তাদের ড্রোন অভিযান ব্যাহত হয়েছে।
মাস্ক জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সামরিক যোগাযোগ ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য স্টারলিংক এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, ‘স্টারলিংক বন্ধ করে দেওয়া হলে ইউক্রেনের সম্মুখসারির প্রতিরক্ষা সঙ্গে সঙ্গেই ভেঙে পড়বে।’ তবে তিনি যোগ করেন, এটি ‘কোনো হুমকি নয়’; বরং স্টারলিংক নেটওয়ার্কের ওপর ইউক্রেনের সামরিক বাহিনীর নির্ভরশীলতার মূল্যায়ন।
কিয়েভ শনিবার জানিয়েছে, স্টারলিংক ও স্টারশিল্ডের পরিষেবা আগের গতিতে ফিরে এসেছে। বিঘ্নের অবসানে সহায়তার জন্য ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
এর আগে চলতি মাসের শুরুতে ইউক্রেনের নেতা ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈশ্বিক ডিজেল সংকট কমানোর চুক্তিকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলার পর মাস্ক মন্তব্য করেছিলেন, ‘জেলেনস্কি সীমা ছাড়িয়ে গেছেন।’
সূত্র: আরটি




