ইরাকে ফের ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
কয়েক মাস বন্ধ থাকার পর আবারও ইরাকে মার্কিন ডলার পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র।আল আরাবিয়া জানিয়েছে এ তথ্য।
যুক্তরাষ্ট্র চলতি বছরের এপ্রিলে তেল বিক্রির রাজস্বের বিপরীতে নগদ অর্থ পাঠানো স্থগিত করেছিল। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর থেকে এই অর্থ লেনদেনের ব্যবস্থা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থে ধারাবাহিক হামলার ঘটনায় ইরাকের জন্য নিরাপত্তা সহায়তাও স্থগিত করেছিল ওয়াশিংটন।
ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদির মুখপাত্র হায়দার আল-আবুদি এর আগে দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন, ডলারের চালান আবারও পাঠানো শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মুধার মোহাম্মদ সালিহও দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে এই অর্থ স্থানান্তর পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরাকে দুর্নীতিবিরোধী অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এলো। চলতি সপ্তাহে শুরু হওয়া অভিযানে দেশটির কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী আল-জাইদির দুর্নীতিবিরোধী অভিযান এমন এক সময়ে শুরু হয়েছে, যখন তিনি শিগগিরই ওয়াশিংটন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করবেন এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণে বাধ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।




